বৈশাখে নারী নির্যাতনের ঘটনায় কয়েকজন আটক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় নারী নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার সংসদে স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের চিহ্নিত করতে আইজি (পুলিশের মহাপরিদর্শক) সাহেব পুরস্কার ঘোষণা করেছেন। সবাইকে চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে ধরেছি এবং আইনের কাছে পৌঁছে দিয়েছি। দুই-একজন বাকি আছে। তাদেরও ধরব।’ তিনি বলেন, বাংলা নববর্ষের সঙ্গে বাঙালির আবেগ জড়িত। এ দিন ওই এলাকায় লাখো মানুষের ঢল নামে। তাই পুলিশের দায়িত্ব পালনে কিছুটা সমস্যা হয়। 


প্রশ্নোত্তর পর্বের আগে বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারের বিরুদ্ধে সরকার অত্যন্ত সজাগ। গোয়েন্দা সংস্থা পাচারকারীদের চিহ্নিত করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে।

সরকারি দলের গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে বর্তমানে ১১ হাজার ৯২৫ জন বিদেশি নাগরিক কাজ করছেন। এর মধ্যে ভারতের ৪ হাজার ৪৬, চীনের ১ হাজার ৪৮২, শ্রীলঙ্কার ১ হাজার ৩৭৩ জন উল্লেখযোগ্য।