বৈশাখের আমেজ নেই 'কাস্তে গ্রামে'ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগাম বন্যায় ফসলহানি হওয়ায় হাওরাঞ্চলের কৃষকদের মতো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ‘কাস্তে গ্রাম’ আড়াইবাড়িয়াও নববর্ষের আমেজ নেই। বন্যায় হাওরের বোরো ধান ডুবে যাওয়ায় গ্রামটিতে তৈরি কাস্তে কেনার চাহিদা আর নেই।
আড়াইবাড়িয়া গ্রামে তিন শতাধিক কামার পরিবার রয়েছে। গ্রামটির পরিচিতি ‘কাস্তে গ্রাম’ হিসেবে। প্রায় সারা বছরই এখানে দা-বঁটি, ছুরি, চাপাতি, কোদাল, কুড়াল তৈরি করা হয়। তবে বোরো ধান কাটার জন্য চৈত্র-বৈশাখে কাস্তে তৈরিতে কামারেরা ব্যস্ত থাকেন। এ সময় কাস্তে বিক্রির আয় দিয়ে বছরের অনেকটা সময় চলেন তাঁরা। এ গ্রামে তৈরি কাস্তে কিশোরগঞ্জ ছাড়াও সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব জেলার হাওরাঞ্চলে আগাম বন্যায় বিস্তীর্ণ ফসলের খেত তলিয়ে গেছে। তাই এবার ধান কাটার কাস্তের চাহিদা নেই।
গত বুধবার আড়াইবাড়িয়া কাস্তে গ্রামে গিয়ে হাতুড়ি পেটানোর শব্দ কানে আসে। কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খণ্ড। কেউ ভোঁতা হয়ে পড়া কাস্তেতে শাণ দিচ্ছেন। কেউ হাপর টানছেন। কেউ কাস্তে তৈরি করছেন।
গ্রামটির কয়েকজন কর্মকার বলেন, এ গ্রামের কর্মকারেরা বংশপরম্পরায় নিপুণভাবে এসব সরঞ্জাম তৈরি করেন। এগুলো খুবই নিখুঁত। এ কারণে এখানকার কর্মকারদের সুখ্যাতি রয়েছে। বছরের এ সময়টা কাস্তের কদর বেড়ে যায়। কিন্তু এবার এর চাহিদা নেই।
বিনয় কুমার সরকার ও নিতাই চন্দ্র সরকার বলেন, বন্যার কারণে এবার লাভের পরিবর্তে লোকসানের বোঝা বহন করতে হবে তাঁদের। প্রতিটি কাস্তে উৎপাদনে খরচ হয় ১৩ টাকার মতো। অন্য বছর প্রতিটা কাস্তে পাইকারদের কাছে ১৫-১৬ টাকা দরে বিক্রি করা গেলেও এবার তা হচ্ছে না।
মো. শরিফ মিয়া ও তাবারক হোসেন বলেন, অন্য বছর বৈশাখ সামনে রেখে প্রতিদিন গড়ে পাঁচ-সাত হাজার টাকা বিক্রি করা গেলেও এবার তা হচ্ছে না। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে জমির কাগজ জমা দেওয়ার পর ঋণ পাওয়া যায়। কিন্তু তাঁদের জমি নেই। সে জন্য বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ঋণ নিয়েছেন। তিন মাসের জন্য ১০ হাজার টাকা সুদসহ ৬০ হাজার টাকা করে শোধ করতে হবে। কিন্তু এবার কাস্তে বিক্রিতে ধস নামছে। এখন চিন্তায় আছেন কীভাবে এ ঋণের টাকা পরিশোধ করবেন। তাঁরা সরকারের কাছে সহজ শর্তে ব্যাংকঋণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কাস্তে গ্রামের কর্মকারদের বিষয়টি ইতিমধ্যে উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনা করা হয়েছে। তাঁদের স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।