বৈশাখের উৎসবে যোগ দিতে থাইল্যান্ডের মন্ত্রী ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণের অনুষ্ঠান । ফাইল ছবি
বর্ষবরণের অনুষ্ঠান । ফাইল ছবি

পয়লা বৈশাখে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসবে যোগ দিতে থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী ভীরা রতপোজানারাত বাংলাদেশে এসেছেন। গতকাল সোমবার রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী সঙ্গে নিয়ে এসেছেন আট সদস্যের একটি প্রতিনিধি দল।
সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস বিবিসি বাংলাকে জানিয়েছেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতে সোমবার রাতেই ঢাকায় এসেছেন থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী ভীরা রতপোজানারাত। তিনি জানান, সফররত থাইল্যান্ডের মন্ত্রী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে পয়লা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আয়োজিত মঙ্গল শোভাযাত্রাও অংশ নেবেন।
বাংলাদেশ সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৬ মার্চ ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে এক সাংস্কৃতিক দলের অনুষ্ঠান দেখে রতপোজানারাত মুগ্ধ হন। সেখানেই বাংলা নববর্ষ সম্পর্কে জানার পর তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।
বর্ষবরণ উৎসবের পাশাপাশি থাইল্যান্ডের মন্ত্রী একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানা গেছে।