তৈরি পোশাকশিল্প নিয়ে মার্কিন গবেষণা প্রতিবেদন
বৈশ্বিক উদ্যোগ বড় একটি ঝুঁকিতে নজর দিতে ব্যর্থ
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে যে দুটি বৈশ্বিক উদ্যোগ গৃহীত হয়েছে (অ্যাকর্ড এবং অ্যালায়েন্স), উভয়ই এই শিল্পের সবচেয়ে বড় ঝুঁকির দিকে নজর দিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের এক গবেষণা প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পের এই ঝুঁকি সাব-কন্ট্রাক্টিং ব্যবস্থায় নিহিত। রাজনীতিতে পোশাকমালিকদের মাত্রাতিরিক্ত দাপট, তদারকি ব্যবস্থার ওপর থেকে সরকারের নিয়ন্ত্রণ হারানো এবং অবকাঠামোর দুর্বলতা সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে এতে মন্তব্য করা হয়।
গবেষণাটি পরিচালনা করেছে নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসের সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস। এতে দাবি করা হয়েছে, বাংলাদেশের পোশাকশিল্পে যুক্ত শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষ, স্থানীয় বিশেষজ্ঞ, প্রায় ৬০টি বৃহৎ ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অভিজ্ঞতা ও মতামত, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সরকারি তথ্য এবং বিশ্বব্যাংক ও অন্যান্য বৈশ্বিক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রায় বছরব্যাপী গবেষণার পর প্রতিবেদনটি তৈরি হয়েছে। এর শিরোনাম ‘বিজনেস অ্যাজ ইউজুয়াল ইজ নট অ্যান অপশন, সাপ্লাই চেইন্স অ্যান্ড সোর্সিং আফটার রানা প্লাজা’।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায়ই সাব-কন্ট্রাক্টিং প্রথায় যেভাবে পোশাকের সরবরাহ নেওয়া হয়, তার ওপর পাশ্চাত্যের ক্রেতাপ্রতিষ্ঠান এবং স্থানীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নজরদারির ব্যবস্থা অস্বচ্ছ ও অকার্যকর। বাংলাদেশের পোশাকশিল্পকে ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে গৃহীত উভয় বৈশ্বিক উদ্যোগ, প্রধানত ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং মার্কিন ক্রেতাদের জোট অ্যালায়েন্স এই দিকটিতে নজর দিতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নামমাত্র খরচে উৎপাদনক্ষমতা বাড়ানোর পন্থা হিসেবে সাব-কন্ট্রাক্টরের ওপর নির্ভরশীলতা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের একটি বহুল প্রচলিত ব্যবস্থা। এর ওপর নিয়ন্ত্রণমূলক নজরদারির কোনো ব্যবস্থা নেই। এ কারণে এই ব্যবসায় ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি শ্রমিকদের কর্মপরিবেশের মান এবং মজুরি নিম্নমুখী হচ্ছে।
দুই বৈশ্বিক উদ্যোগ দ্য বাংলাদেশ অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি এবং দি অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি—এ ব্যবস্থার ঝুঁকি মোকাবিলায় ব্যর্থ মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, উভয় প্রকল্পের লক্ষ্য হচ্ছে দুই হাজারের কম কারখানা। অথচ রপ্তানিমুখী পোশাক তৈরি করছে পাঁচ থেকে ছয় হাজার কারখানা। গবেষণাপত্রে বলা হয়, এসব চুক্তির আওতাভুক্ত হয়নি যেসব কারখানা বা স্থাপনা, সেগুলোর অবস্থাই সবচেয়ে খারাপ। বৈশ্বিক উদ্যোগ দুটি সমান্তরাল হলেও কারখানার অবস্থা পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে কখনো কখনো একই কাজের পুনরাবৃত্তি ঘটতে পারে।
প্রতিবেদনে বাংলাদেশ সরকারের প্রশাসনিক ক্ষমতা, নিয়ন্ত্রণমূলক আইন প্রয়োগ ও সিদ্ধান্ত বাস্তবায়নের সামর্থ্য এবং আইনি দুর্বলতার কথা তুলে ধরা হয়। এতে পোশাকশিল্পের মালিকদের রাজনৈতিক দাপটের কথা উল্লেখ করে বলা হয়, রাজনীতিতে তাঁদের মাত্রাতিরিক্ত প্রভাবের কারণে আইন প্রয়োগ ও নিয়মনীতির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এই দাপটের দৃষ্টান্ত হিসেবে বিজিএমইএর বেআইনিভাবে নির্মিত বহুতল ভবনটির দৃষ্টান্ত তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন যতটা দুর্বল, তার চেয়েও দুর্বল এর প্রয়োগ। পোশাক তৈরির জন্য আমদানি করা কাপড়ের শুল্কমুক্তির বন্ড ইস্যু করার মতো কাজটি যেখানে সরকারের করার কথা, সেই কাজটি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর হাতে থাকার দৃষ্টান্ত দিয়ে বলা হয়, সাব-কন্ট্রাক্টিংয়ের সময়ে সংগঠনটি নিজেদের সদস্যদের মধ্যে ইন্টারবন্ড ইস্যু করে এবং বিদেশি ক্রেতাদের কাছে বিষয়টি অস্পষ্ট থেকে যায়। সরকার বা নিয়ন্ত্রক কোনো প্রতিষ্ঠানের তদারকি ব্যবস্থা অনুপস্থিত উল্লেখ করে বলা হয়, সাব-কন্ট্রাক্টিংয়ের সমস্যা সমাধানের দায়িত্বও সরকার বিজিএমইএ এবং বিকেএমইএর ওপর ছেড়ে দিতে চায়।
প্রতিবেদনে বাংলাদেশের অবকাঠামোর দৈন্যদশা এবং তার উন্নয়নে বৈদেশিক উন্নয়ন সংস্থাগুলোর বিনিয়োগে নিরুৎসাহকেও পোশাকশিল্পের ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার দুর্বলতার কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, যখন-তখন বিদ্যুৎবিভ্রাটের কারণে কাজ শেষ করার সময়সীমা পূরণে তাড়াহুড়া লাগে এবং তখন সাব-কন্ট্রাক্টরদের শরণাপন্ন হতে হয়। এ ছাড়া নিজস্ব জেনারেটর স্থাপনেরও প্রয়োজন হয়ে পড়ে। ভবনের কাঠামোগত ক্ষমতা বিবেচনা না করেই মালিকেরা সেই পথ বেছে নেন। রানা প্লাজা ধসের ক্ষেত্রেও দুর্বল কাঠামোর ভবনে জেনারেটর স্থাপন ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। সড়কের বেহালদশা ও যানজটের কারণে পরিবহন দীর্ঘায়িত হওয়ার প্রতিক্রিয়াতেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ তৈরি হয় বলেও এতে উল্লেখ করা হয়। দুর্নীতির চ্যালেঞ্জ বড় হয়ে দেখা দেওয়ায় বিশ্বব্যাংক এবং বিদেশি সরকারগুলো অবকাঠামো প্রকল্পে অর্থায়ন থেকে পিছিয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে অবকাঠামোগত সমস্যা আরও তীব্র হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়।
গবেষণা প্রতিবেদনটিতে ব্যবসায়ী সম্প্রদায়, সরকার ও আন্তর্জাতিক দাতাদের উদ্দেশে আলাদাভাবে নির্দিষ্ট সুপারিশ তুলে ধরে বলা হয়, ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলকে সমর্থন দেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের প্রতি সুপারিশে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়িক সম্পর্ক সংস্কারের তাগিদ দেওয়া হয়। এতে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সকে জোটবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশের সব স্বীকৃত ও নিবন্ধনহীন কারখানার পূর্ণাঙ্গ তালিকা করে সে অনুযায়ী পর্যবেক্ষণ ও সংস্কারের আহ্বান জানানো হয়।
সরকারের প্রতি সুপারিশে বলা হয়, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কর্তৃত্ব সরকারের নিজের হাতে নেওয়া উচিত। আইএলওর মতো প্রতিষ্ঠানের উচিত এ ক্ষেত্রে সরকারের সামর্থ্য গড়ে তোলায় সহায়তা করা। আর আন্তর্জাতিক দাতাদের কাছে বিপজ্জনক কারখানার সংস্কার ও অবকাঠামোর উন্নয়নে সহায়তা কামনা করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কারখানাগুলো সংস্কারে কয়েক বছর সময় লাগতে পারে এবং এ জন্য প্রয়োজন হবে শত শত কোটি ডলার। এর পাশাপাশি অবকাঠামোর যে উন্নয়ন প্রয়োজন, তার জন্য সম্পদের জোগান দেওয়া বাংলাদেশের সরকার এবং বেসরকারি খাতের পক্ষে সম্ভব নয়। এ জন্য বিদেশি সরকার ও বিশ্বব্যাংকের মতো বহুমুখী প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন।