প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মালদ্বীপের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে একই ধরনের হুমকির মুখে। সুতরাং পরিবেশগত দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ খবর বাসস ও ইউএনবির।গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার আহমেদ সারিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব এম নজরুল ইসলাম জানান, বৈঠককালে প্রধানমন্ত্রী ও মালদ্বীপের হাইকমিশনার দক্ষিণ এশিয়ার দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। দরিদ্রতা দক্ষিণ এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দরিদ্রতা হ্রাসের মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে তাঁর সরকার নিরলস কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী মানসম্মত বাংলাদেশি পণ্য আমদানির পাশাপাশি চিকিত্সক ও শিক্ষক নিতে এবং মালদ্বীপে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধ করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান। পরিসংখ্যান অনুযায়ী, মালদ্বীপে অন্তত ৪৫ হাজার বাংলাদেশি কাজ করছেন। তাঁদের মধ্যে বেশ কিছু বৈধভাবে কাজের অনুমোদন পাননি।যমুনায় সেতু নির্মাণে চীনের আগ্রহ: চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় তিনি গাইবান্ধার বালাশি ঘাটে যমুনা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণে চীনের সহযোগিতা দেওয়ার আগ্রহের কথা জানান।