বৈশ্বিক জ্ঞানসূচকে তলানিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশ্বিক জ্ঞানসূচক প্রতিবেদনের আংশিক প্রচ্ছদ

বৈশ্বিক জ্ঞানসূচকে তলানিতে রয়েছে বাংলাদেশ। ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে সবার নিচে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৈশ্বিক জ্ঞানসূচক–২০২০ প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মধ্যপ্রাচ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০৭ সালে তাঁর নামে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন গড়ে তোলেন।

প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতিসহ সাতটি বিষয় বিবেচনায় নিয়ে এবারের বৈশ্বিক জ্ঞানসূচকের তালিকাটি তৈরি করা হয়েছে।

এবারের তালিকায় প্রথম পাঁচটি দেশ হলো সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। ১৩৮টি দেশের মধ্যে তালিকায় একেবারেই শেষে রয়েছে চাদ। এই দেশের ওপরে থাকা চার দেশ হলো যথাক্রমে অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, নাইজার ও কঙ্গো।

বৈশ্বিক জ্ঞানসূচক প্রতিবেদনের পুরো প্রচ্ছদ

দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে আফগানিস্তান ও মালদ্বীপকে তালিকায় রাখা হয়নি। বাকি ছয় দেশের মধ্যে ভারত বৈশ্বিক তালিকায় ৭৫তম অবস্থানে রয়েছে। এ ছাড়া শ্রীলঙ্কা ৮৭তম, ভুটান ৯৪তম, নেপাল ১১০তম, পাকিস্তান ১১১তম ও বাংলাদেশ ১১২তম অবস্থানে রয়েছে।

তবে যে সাত বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ কোথাও কিছুটা এগিয়ে রয়েছে, আবার কোথাও রয়েছে তলানিতে। এর মধ্যে প্রাক–বিশ্ববিদ্যালয় শিক্ষায় বাংলাদেশ বিশ্বে ৬৯তম। উচ্চতর শিক্ষায় এ দেশ ১২৯তম। বাংলাদেশ গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে ১৩৮টি দেশের মধ্যে ৯৬তম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ৯৭তম এবং অর্থনীতিতে ১১৪তম।