বৈশ্বিক দাসত্ব সূচকে নবম বাংলাদেশ
বৈশ্বিক দাসত্ব সূচকে বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। ওই সূচক অনুসারে, বাংলাদেশের ছয় লাখ ৮০ হাজার ৯০০ মানুষ ‘আধুনিক দাসের’ জীবন যাপন করে।
অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন গতকাল সোমবার বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৪ (গ্লোবাল স্ল্যাভারি ইনডেক্স) প্রকাশ করে। সংস্থাটি দ্বিতীয়বারের মতো এ সূচক প্রকাশ করল। বিশ্বের ১৬৭টি দেশের ওপর এ জরিপ পরিচালনা করা হয়।
গত বছর প্রকাশিত সূচকে বাংলাদেশের দাসের সংখ্যা সাড়ে তিন লাখ। সূচকে জোরপূর্বক শ্রমকাজে অথবা জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, বাণিজ্যিকভাবে যৌনকাজে ব্যবহার, মানব পাচারের শিকার লোকজনকে দাস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বের তিন কোটি ৬০ লাখ মানুষ আধুনিক দাসত্বের জীবন যাপন করছেন। দাসত্ব সূচক অনুযায়ী এ বিষয়ে ভারত সবচেয়ে এগিয়ে। দেশটির এক কোটি ৪০ লাখের বেশি মানুষ দাস হিসেবে কাজ করছে। এর পরেই চীন ও পাকিস্তানের অবস্থান।
জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি দাস বাস করে মৌরিতানিয়ায়। দেশটির জনসংখ্যার চার শতাংশই দাসের জীবন যাপন করে।
দাসত্ব সূচকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ঋণ, জোরপূর্বক শ্রম, বাণিজ্যিকভাবে যৌনকাজে বাধ্য হওয়া, শৈশবে জোরপূর্বক বিয়ে দেওয়ার মতো দাসত্ব রয়েছে। বাংলাদেশের মানুষ সুনির্দিষ্টভাবে ইটভাটা, তৈরি পোশাক শিল্পকারখানা, রাস্তায় ভিক্ষা ও চিংড়িঘেরে শ্রমদানে বাধ্য করা হয়।
দাসত্বের এই শৃঙ্খল থেকে মুক্ত করতে বাংলাদেশের সরকার তেমন সক্রিয় নয়। সূচকে দাসত্ব নির্মূলে সরকারি প্রচেষ্টার একটি সূচক প্রকাশ করা হয়। এসব দেশের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান ৬০।
এই সূচকে আধুনিক দাসত্বের একটি ঝুঁকির তালিকাও প্রকাশ করা হয়। সেই তালিকায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। তালিকায় প্রথম অবস্থানে আছে উত্তর কোরিয়া।