মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনগুলো বৈশ্বিক পর্যায়ে প্রভাব ফেলেছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় আয়োজিত সভায় মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
ড্যান মজীনা বলেন, বাংলাদেশে প্রতিবছর সাড়ে ২১ হাজার নবজাতক জন্মকালীন শ্বাস-প্রশ্বাসের জটিলতা বা বার্থ অ্যাসফিক্সিয়ায় মারা যায়। এটি বাংলাদেশে নবজাতক-মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত বিএসএমএমইউর নবজাতকদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ), অটিজম কেন্দ্র, পেলিয়েটিভ সেবাকেন্দ্র, ‘হেল্পিং বেবিজ ব্রিদ’ কেন্দ্র ঘুরে দেখেন। জন্মের পর শিশুদের শ্বাস-প্রশ্বাসের জটিলতা নিরসনের একটি প্রকল্পে (হেল্পিং বেবিজ ব্রিদ) যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি সহায়তা করছে।
সভায় ইউএসএআইডির মিশন প্রধান রিচার্ড গ্রিন বলেন, বাংলাদেশ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের পেছনে বিএসএমএমইউর ভূমিকা আছে।
সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. সহিদুল্লা বিএসএমএমইউর ইতিহাস ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত সভায় সভাপতিত্ব করেন।