বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় এক ধাপ এগোল বাংলাদেশ
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৯তম। ২০১৩ সালে এই সূচকে ১৪৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১০তম স্থানে।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) ১৯৮৯ সাল থেকে নিয়মিতভাবে প্রতিবছর এই সূচক প্রকাশ করে আসছে। সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউইএফের কার্যালয়। গতকাল বুধবার সারা বিশ্বে একযোগে এটি প্রকাশ করা হয়। তাতেই বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়ার চিত্রটি তুলে ধরা হয়েছে।
বাংলাদেশি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করে। সিপিডি জানিয়েছে, ২০০১ সালে বাংলাদেশকে বৈশ্বিক এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়। এবার সূচকে এক ধাপ এগোলেও বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশের তেমন উন্নতি হয়নি।
সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রথম আলোকে বলেন, সূচকে এক ধাপ এগোলেও ব্যবসার মৌলিক চাহিদাগুলোর যথেষ্ট উৎসাহব্যঞ্জক উন্নতি হয়নি। এ কারণে অন্যান্য কোনো কোনো খাতের উন্নতি সত্ত্বেও তার সামগ্রিক সুফল মেলেনি।
গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশের সেবা ও উৎপাদন খাতের উদ্যোক্তাদের মধ্যে যাঁদের ন্যূনতম ১০ কোটি টাকার সম্পদ ও বিশ্ববাণিজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাঁদের কাছ থেকে ডব্লিউইএফের সর্বজনীন প্রশ্নের মাধ্যমে সূচকের বিভিন্ন মানদণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের প্রতিযোগিতা সক্ষমতা যাচাই ও ব্যবসায়িক পরিবেশের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা হয়।
ডব্লিউইএফের প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি বা উন্নতিকে খুবই প্রান্তিক বলা হলেও এর পেছনে সাতটি ইতিবাচক পরিবর্তন বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উচ্চশিক্ষা, পণ্য বাজারে দক্ষতা, পরিশীলিত আর্থিক বাজার, বাজারের আকার এবং নতুনত্ব। তবে পাঁচটি ক্ষেত্রে অবনতি ঘটেছে। সেগুলো হচ্ছে প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, শ্রমবাজারের দক্ষতা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং পরিশীলিত বাণিজ্য।
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এ বছর প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর। আর ফিনল্যান্ডকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ নিচে নেমে ফিনল্যান্ড জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে। একইভাবে জার্মানিও আগের বছরের চেয়ে এক ধাপ নিচে নেমে এ বছর পঞ্চম অবস্থানে ঠাঁই পেয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে উন্নতি করেছে নেপাল ও ভুটান। এই দুটি দেশের অবস্থান যথাক্রমে ১০২ ও ১০৩তম স্থানে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে ছয় ও সাত ধাপ ওপরে রয়েছে এই দুটি দেশ। আগের সূচকে নেপাল ও ভুটানের অবস্থান ছিল যথাক্রমে ১১৭ ও ১০৯তম স্থানে। উন্নতি হয়েছে পাকিস্তানেরও। বলতে গেলে নিয়মিত রাজনৈতিক অস্থিরতার মধ্যে থেকেও দেশটি আগের বছরের চেয়ে চার ধাপ এগিয়ে উঠে এসেছে ১২৯তম স্থানে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পেছনে রয়েছে পাকিস্তান।
সাম্প্রতিক সময়ে মোদি সরকারের ক্ষমতা গ্রহণের পর ভারতের অর্থনীতিতে এক ধরনের চাঙা ভাব দেখা যাচ্ছে। তার পরও এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতি ভারত প্রতিযোগিতা সক্ষমতা সূচকে আগের বছরের চেয়ে ১১ ধাপ নিচে নেমে গেছে। অবস্থান হয়েছে ৭১তম স্থানে। একইভাবে এই অঞ্চলের আরেক দেশ শ্রীলঙ্কা আগের বছরের চেয়ে সাত ধাপ নিচে নেমে ৭৩তম স্থানে জায়গা করে নিয়েছে।