পোশাকশিল্প নিয়ে চট্টগ্রামে বিজিএমইএ ও সিপিডির সেমিনার
বৈশ্বিক বাজারে অংশীদারি বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ
বৈশ্বিক পোশাকপণ্যের বাজারে আগামী দিনগুলোতে বাংলাদেশের অংশীদারি বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন গবেষকেরা। তাই এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরের খুলশীতে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে বিজিএমইএ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) যৌথ উদ্যোগে ‘নিউ ডাইনামিকস ইন বাংলাদেশ আরএমজি সেক্টর রিস্টেকচারিং, আপগ্রেডেশন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসুরেন্স’ শীর্ষক সেমিনারে গবেষকেরা এসব কথা বলেন। সিপিডির একটি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, পোশাক খাতে বিশ্ববাজারে চীনের অংশীদারি ৩৯ থেকে কমে ৩২ শতাংশে নেমে এসেছে। তবে ৭ শতাংশ কমলেও তা বাংলাদেশে আসেনি। এ জন্য বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোই হবে আগামী দিনের চ্যালেঞ্জ।
সেমিনারে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ প্রমুখ।
মোস্তাফিজুর রহমান বলেন, ২০২১ সালে পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জনের চেয়েও বড় স্বপ্ন দেখা উচিত এই খাতে কত বেশি মূল্য সংযোজন করা যায়। বাংলাদেশে যদি পোশাক খাতে ৪০ শতাংশ মূল্য সংযোজন হয়, তাহলে ভারতে তা হবে ৯৫ শতাংশ। কারণ, তাদের হাতে কাঁচামাল তুলা, সুতা ও কাপড় রয়েছে। তিন বছর ধরে ভারত এই খাতকে এগিয়ে নিতে নানা ধরনের নীতি-সহায়তা দিচ্ছে।
গবেষণা কার্যক্রমের যৌক্তিকতা তুলে ধরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পোশাকশিল্পে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের উদ্যোক্তাদের হাতে কোনো মানদণ্ড নেই। রানা প্লাজা ধসের পর উদ্যোক্তারা কর্মসহায়ক পরিবেশ তৈরিতে নতুন করে বিনিয়োগ করেছেন। কিন্তু পোশাকের ক্রয়াদেশ বাড়ছে না। বিপরীতে পোশাকের রপ্তানি মূল্য কমছে। আবার কম মূল্যের পোশাকের নতুন বাজার তৈরি হচ্ছে। ফলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের কী কী করতে হবে, তা নিয়ে কোনো গবেষণা নেই। এ জন্যই সিপিডি পোশাকশিল্প নিয়ে এই গবেষণা কার্যক্রমে হাত দিয়েছে।
সেমিনারে বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ বলেন, বর্তমানে তৈরি পোশাকের বিশ্ববাজার ৪৪৫ বিলিয়ন মার্কিন ডলারের। ২০২১ সালে তা এসে দাঁড়াবে ৬৫০ বিলিয়ন ডলারে। বৈশ্বিক বাজার ধরতে পণ্য উৎপাদনে বৈচিত্র্য ও নতুন বাজারে ব্যাপকভাবে রপ্তানি বৃদ্ধিতে কাজ করতে হবে। উৎপাদনশীলতা ও দক্ষতা অর্জনে পোশাকমালিকদের মনোযোগী হতে হবে।