বৈশ্বিক মঞ্চ করবে ছাত্রসংগঠনগুলো
বিভিন্ন দেশের ছাত্রসংগঠনগুলোর অংশগ্রহণে বৈশ্বিক ও আঞ্চলিক সমন্বয় সহযোগিতা মঞ্চ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ছাত্রনেতারা। এই মঞ্চের মাধ্যমে তাঁরা বিশ্বব্যাপী শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের ঘোষণা দেন।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার ‘স্বাধীনতা হল’-এ আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। ‘দেশে দেশে ছাত্র আন্দোলন ও ছাত্রসমাজের কর্তব্য’ শীর্ষক এই সভার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সভায় ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও বাংলাদেশের কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব বলেন, শিক্ষার অধিকার আদায় এবং শোষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে সারা বিশ্বের ছাত্র-যুবকদের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক গড়ে তোলার জন্য এই মঞ্চ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মঞ্চে বিভিন্ন দেশের ছাত্রসংগঠনগুলো থাকবে।
ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) সুচেতা দে বলেন, ভারতবর্ষে শিক্ষার ব্যাপক পণ্যায়ন হচ্ছে। বিভিন্ন স্তরের স্কুল চালু করা হয়েছে। ‘যেমন অর্থ, তেমন শিক্ষা’র নীতিতে শিক্ষাব্যবস্থা পরিচালিত হচ্ছে। এর বিরুদ্ধে ভারতে ছাত্র আন্দোলন হচ্ছে।
সুচেতা দে বলেন, ‘আমরা সবাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিলাম। শোষণ ও মুক্তির সে আকাঙ্ক্ষা পদদলিত করে ভারত ও বাংলাদেশের শাসকেরা রাষ্ট্রকে লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছে।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় সভায় শ্রীলঙ্কার সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ইহালা গামাগে জিওয়ানা, ফিলিপাইনের লিগ অব ফিলিপিনো স্টুডেন্টসের ন্যাশনাল চেয়ারম্যান চেরিসি বেরনাডিন বানেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি বিপ্লব ভট্টাচার্য, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।