বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ ৯৮তম
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) বাংলাদেশের অবস্থান ৯৮। আইইপির এ সূচকে বাংলাদেশের অবস্থান ‘মাঝারি’ বলে মূল্যায়ন করা হয়েছে। সূচকটি তৈরিতে ১৬২টি দেশের পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সন্ত্রাসের কারণে বাংলাদেশের ৫১ হাজার ২৫৩ কোটি দুই লাখ টাকা ক্ষতি হয়।
সম্প্রতি প্রকাশিত এ সূচক তৈরিতে ২০১৩ সালের উপাত্ত ব্যবহার করা হয়।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তি সূচকে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। দেশটির অবস্থান ১৬। নেপাল ৭৬তম স্থানে। ১৫৪তম স্থান নিয়ে সূচকে সবচেয়ে পিছিয়ে আছে পাকিস্তান। ভারতের অবস্থান ১৪৩, আর শ্রীলঙ্কার ১০৫। মালদ্বীপকে এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি।
সমাজে বিরাজমান সহিংসতা, হত্যা, মানুষের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ সংঘবদ্ধ দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে এ সূচক তৈরি করা হয়। এসব সূচক তৈরিতে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নকে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সূচকের মূল্যায়নে এক থেকে পাঁচ নম্বর নির্ধারণ করা হয়।
আইইপির এসব সূচক মূল্যায়নে দেখা যায়, সমাজে বিরাজমান সহিংসতা, মানুষের হাতে অস্ত্র, সংঘবদ্ধ সংঘাত, ভয়াবহ অপরাধ, রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে বাংলাদেশের নম্বর তিন থেকে সাড়ে তিনের মধ্যে।
অস্ত্র আমদানি ও রপ্তানি, অভ্যন্তরীণ সংঘাতে মৃত্যু, উদ্বাস্তু, পরমাণু অস্ত্র—এসব বিষয়ে বাংলাদেশের প্রাপ্ত নম্বর একের মধ্যে—অর্থাৎ তুলনামূলকভাবে ভালো।
২২টি মূল বিষয় ছাড়াও সূচক তৈরিতে আরও ৩৬টি বিষয় বিচার করা হয়। এর মধ্যে গণতান্ত্রিক পরিস্থিতি, সরকারের অবস্থা, নির্বাচন, রাজনৈতিক অংশগ্রহণ থেকে জন্ম-মৃত্যু হার, শিক্ষা, শিশুমৃত্যুর মতো সামাজিক সূচকও মূল্যায়ন করা হয়।
নির্বাচনী প্রক্রিয়ার সূচকে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকলেও সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, মত প্রকাশের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান মাঝারি মানের।