বৈশ্বিক সন্ত্রাস রুখতে কৌশল নিচ্ছে আইপিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক সন্ত্রাসবাদ রুখতে বিভিন্ন দেশের সংসদ বা আইনসভার সক্ষমতা বাড়ানোর বিষয়ে একটি কৌশল গ্রহণ করতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। কাল বুধবার আইপিইউ সম্মেলনের শেষ দিনে এ বিষয়ে ঘোষণা আসবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান আইপিইউর মহাসচিব মার্টিন চুংগং। বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের ১৩৬তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

স্থিতিশীল বিশ্ব ও শান্তির জন্য সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করে মার্টিন বলেন, বর্তমানে কোনো দেশই এই হুমকির বাইরে নয়। এর একটি বৈশ্বিক সমাধান প্রয়োজন। কিছু ঘটে যাওয়ার আগেই সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানের কারণগুলো চিহ্নিত করে তা নির্মূল করতে হবে।

মার্টিন চুংগং বলেন, সহিংসতা ও সন্ত্রাসবাদের জন্ম হয় হতাশা, সামাজিক অসমতা, মানবাধিকার লঙ্ঘন, দারিদ্র্য ও অধিকারবঞ্চিত হওয়া এবং ন্যায়বিচারের অভাব থেকে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ কীভাবে দমন করা যায়, সে-সম্পর্কিত একটি কৌশল গ্রহণ করা হবে। এই কৌশলে এমন কিছু প্রস্তাব করা হবে, যা বিভিন্ন দেশের আইনসভা ও আইনসভার সদস্যদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ উদ্ঘাটনে সাহায্য করবে। এ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের পথ বেরিয়ে আসবে।

প্রস্তাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করতে এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় আইনসভাগুলো কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে, সে-সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে বলে মার্টিন জানান।

এদিকে সম্মেলনের সাধারণ আলোচনায় গতকাল বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বক্তব্য দেন। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মিয়ানমার সরকারের দমনমূলক নীতির কারণেই রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও রোহিঙ্গা সমস্যার জন্য মিয়ানমার সরকারকে দায়ী করেছে।

আলোচনায় স্পেনের জে আই চেনিস বলেন, আইপিইউ সম্মেলন দারুণ হচ্ছে। তা আরও দারুণ হবে যদি সংকট ও সমস্যার সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। তিনি বিশ্ব থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করতে দারিদ্র্যসীমার নিচের জনগোষ্ঠীকে শ্রমবাজারে নিয়ে আসার ওপর জোর দেন।

সম্মেলনে গতকাল গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক উপকমিটিতে ২০৩০ সালের মধ্যে গণতন্ত্র, সংসদ, রাজনৈতিক দল এবং নির্বাচনের প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে সদস্যদেশগুলোর কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনের সাংসদ আজম আল হমদ বলেন, গাজায় প্রতিনিয়ত নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে গণহত্যা চললেও এ নিয়ে জাতিসংঘের নিরপেক্ষ ভূমিকার অভাব রয়েছে। মানবাধিকার নিয়ে নানা চুক্তি ও সমঝোতা হলেও তা কার্যকর হচ্ছে না। দুর্বল গণতন্ত্রের কারণে মানুষ অধিকারবঞ্চিত হচ্ছে।

আইপিইউতে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি তার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন রাশিয়ার প্রতিনিধি।

ইউক্রেনের আপত্তি

আইপিইউর ১৩৭তম সম্মেলন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হবে। এতে আপত্তি জানিয়েছে ইউক্রেন। দেশটির সাংসদ বি টারজোক বলেছেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। দেশটি চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। তাই আইপিইউর সম্মেলন রাশিয়ায় না করার দাবি জানান তিনি।