২০১৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম। এর আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম।
গতকাল বুধবার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। চার বছর ধরে এ সূচক প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
বিশ্বে ২০১৫ সালে সংঘটিত সন্ত্রাসী ঘটনার ওপর ভিত্তি করে এবারের প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত বছর বিশ্বের প্রায় অর্ধেক সন্ত্রাসী ঘটনা ঘটেছে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে। এ সূচকের প্রথমে আছে ইরাক। গত বছর সংঘটিত সন্ত্রাসী ঘটনার ২০ শতাংশই ঘটেছে গৃহযুদ্ধকবলিত মধ্যপ্রাচ্যের এ দেশে। আফগানিস্তানে ১৪, পাকিস্তানে ৮ এবং ভারতে ঘটেছে ৭ শতাংশ ঘটনা। বাংলাদেশে সংঘটিত হয়েছে মোট সন্ত্রাসী ঘটনার ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালটি ছিল বাংলাদেশের জন্য খুবই কঠিন। বিগত দেড় দশকের মধ্যে গত বছরই বাংলাদেশে সবচেয়ে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি সন্ত্রাসী ঘটনা ঘটা চার দেশের বাইরে যে ছয়টি দেশে বেশিসংখ্যক তা ঘটেছে, এর মধ্যে আছে বাংলাদেশ। অন্য দেশগুলো হলো কুয়েত, তিউনিসিয়া, সৌদি আরব, ফ্রান্স ও তুরস্ক।
প্রতিবেদনের দেওয়া তথ্যমতে, ২০১৫ সালে বাংলাদেশে মোট ৪৫৯টি সন্ত্রাসী হামলা হয়। এতে নিহত হয় ৭৫ জন। বাংলাদেশে বেশির ভাগ সন্ত্রাসী ঘটনাই জামাআতুল মুজাহিদীনের মতো স্থানীয় সংগঠনের মাধ্যমে ঘটে। এ সংগঠনটি চলতি বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার জন্য অভিযুক্ত। ওই ঘটনায় জঙ্গিদের হাতে ২২ জন নিহত হন।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের এ প্রতিবেদনে গত বছর ৪৫৯টি সন্ত্রাসী হামলার কথা বলা হলেও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ সংখ্যা ছিল ২৮। এতে নিহত হয় ৩০ জন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ১১টি হামলার দায় স্বীকার করে। আর আনসার আল ইসলাম দায় স্বীকার করছে ছয়টি হামলার। সংগঠনটি নিজেদের আল-কায়েদার ভারতীয় শাখা বলে দাবি করে। এই সংগঠন দুটি হামলায় তাদের দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার এসব হামলায় কোনো বিদেশি জঙ্গি সংগঠনের জড়িত থাকার দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে এসেছে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেছেন, এসব সন্ত্রাসী ঘটনার বেশির ভাগের সঙ্গে ‘নব্য জেএমবি’ ও আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিম জড়িত।
গত বছর সন্ত্রাসী ঘটনায় সারা বিশ্বে নিহত মানুষের সংখ্যা আগের বছরের চেয়ে ১০ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসলামিক স্টেট বা বোকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে তৎপরতার জন্যই এ সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়। তারপরও যেসব সন্ত্রাসী ঘটনা ঘটেছে, তাতে ৮ হাজার ৯৬০ কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বৈশ্বিক সন্ত্রাসের পরিবর্তিত এবং জটিল এক চিত্র তুলে ধরা হয়। এতে দেখানো হয়েছে, একাধারে কিছু দেশে সন্ত্রাসী ঘটনার সংখ্যা কমছে। তবে কিছু দেশে নতুন করে সন্ত্রাসী তৎপরতা শুরু হওয়ায় তা সেই দেশগুলোর জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৭৬টি দেশে সন্ত্রাসী ঘটনা আগের বছরের তুলনায় কমেছে। তবে ৫৬টি দেশে তা ব্যাপকভাবে বেড়েছে।