জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৈশ্বিক সমস্যার সাধারণ সমাধান খুঁজে বের করতে হবে।
গতকাল বুধবার লন্ডনে সিপিএর ৬২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় চেয়ারপারসন এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিরীন শারমিন বলেন, সিপিএ কেবল কমনওয়েলথ দেশগুলোর আইনসভার সংগঠন নয়; এতে প্রাদেশিক পরিষদের আইনপ্রণেতারাও আছেন। এ বহুমুখিতা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে গণতন্ত্র শক্তিশালীকরণ ও নতুন উদ্ভাবনী চিন্তার সুযোগ করে দিয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমনওয়েলথের মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও সিপিএর মহাসচিব আকবর খান বক্তৃতা করেন। সম্মেলনে সিপিএ নয়টি অঞ্চলের ৫২টি দেশের আইনসভার স্পিকার ও সাংসদেরা অংশ নিয়েছেন।
চলতি বছরের ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল। ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় সম্মেলন বাতিল করা হয়।