বৈশ্বিক স্বীকৃতির জন্য সর্বব্যাপী উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় (বঁা থেকে) হারুন হাবীব, আবেদ খান, মোজাফফর হোসেন, মুনতাসীর মামুন, মুহম্মদ শফিকুর রহমান ও রাহাত খান l ছবি: প্রথম আলো
২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় (বঁা থেকে) হারুন হাবীব, আবেদ খান, মোজাফফর হোসেন, মুনতাসীর মামুন, মুহম্মদ শফিকুর রহমান ও রাহাত খান l ছবি: প্রথম আলো

একাত্তরের ২৫ মার্চসহ পরবর্তী ৯ মাসে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক গণহত্যার ইতিহাসে অন্তর্ভুক্ত করার জন্য সর্বব্যাপী উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, ইতিহাসবিদ ও বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, আন্তর্জাতিকভাবে গণহত্যার যত ইতিহাস লেখা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই বাংলাদেশের গণহত্যার কথা উল্লেখ নেই।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘২৫শে মার্চ গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, ২৫ মার্চ এখন জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এর বৈশ্বিক স্বীকৃতির জন্য প্রথমেই এটাকে আন্তর্জাতিক গণহত্যার ইতিহাসে প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় আমরা সব সময় গুরুত্ব দিয়েছি বিজয়ের ওপর। কিন্তু গণহত্যা কিংবা কোটি মানুষের আত্মত্যাগের বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি।’ ইউরোপ ও অন্যান্য দেশে গণহত্যার বিষয়টিকে তারা যেভাবে গুরুত্ব দিয়েছে, তা অনুকরণীয় বলে মত দেন তিনি।
মুনতাসীর মামুন আরও বলেন, এক কোটি বাঙালি বাইরে আছেন। তাঁরা যদি ২৫ মার্চ রাতে বাইরে বেরিয়ে শুধু মোমবাতি জ্বালান, দুই বছর পরে এটা বিরাট একটা আন্তর্জাতিকীকরণ হবে। একই সঙ্গে একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠার জন্য এ বিষয়ে নিরন্তর গবেষণা ও লেখালেখির ওপর জোর দেন তিনি।
সরকারি ও বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃত দিবসগুলো পালন করার আহ্বান জানিয়ে এই ইতিহাসবিদ বলেন, ‘তাহলে ইতিহাসের ওপর আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে। ইতিহাসই একমাত্র বিষয়, যার ওপর সাধারণের অধিকার আছে।’
গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ ২৫ মার্চ কালরাতের কথা স্মরণে এনে বলেন, পৃথিবীর মানুষ কিংবা জাতিসংঘকে স্বীকার করতেই হবে যে এত বড় গণহত্যার রাত পৃথিবীতে আর নেই। তাঁর মতে, গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হোক বা না হোক, বাংলাদেশের গণহত্যা বিশ্বজুড়ে স্বীকৃত।
সাংবাদিক আবেদ খান বলেন, ‘একাত্তরে পুরো বাংলাদেশই ছিল গণহত্যার কেন্দ্র। ২৫ মার্চ মৃত্যুর সেই বিভীষিকা দেখেছি। সেই রাতে ইত্তেফাক কার্যালয়ে ছিলাম।’
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব ও সাংবাদিক হারুন হাবীব গণহত্যার দায়ে ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার দাবি করেন।
সাংবাদিক রাহাত খান বলেন, রাষ্ট্রের একটি মীমাংসিত ইতিহাস থাকতে হবে। কিন্তু বাংলাদেশে সমান্তরাল দুটি ইতিহাস তৈরি হচ্ছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যার মতো বিষয়গুলো জাগ্রত রাখতে সংবাদপত্রের ভূমিকা নিয়ে কথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিক সমাজ কিন্তু সংবাদপত্রগুলোতে অব্যাহতভাবে মুক্তিযুদ্ধ, ৯ মাসের ঘটনা এবং পরবর্তী সময়ে দেশ-বিদেশের পত্রপত্রিকায় কীভাবে এই গণহত্যার বিষয়টি তুলে ধরা হয়েছে, সেসব বিষয়ে সজাগ ছিল এবং আছে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন পল্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক, সাংবাদিক এম শাহজাহান মিঞা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা ও কামরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর প্রমুখ। সঞ্চালক ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
এদিকে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে ১৩ জন শহীদ সাংবাদিকসহ ২৫ শহীদের স্মরণে ২৫টি গাছ লাগানো হয়।