বৈষম্য ও বেকারত্ব কমাতে সৃজনশীল হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভূরাজনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও প্রযুক্তির পরিবর্তনের ফলে বিশ্বে বৈষম্য ও বেকারত্ব বাড়ার ঝুঁকি আছে। এই পরিস্থিতি এড়িয়ে চলতে সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়কে সৃজনশীল হতে হবে। দ্রুত পরিবর্তনের এই যুগে কর্মসংস্থানের প্রতিযোগিতামূলক বাজারের জন্য তৈরি হতে তরুণদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা জরুরি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মূল্যায়ন করতে গিয়ে বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা এই অভিমত দিয়েছেন। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বাংলাদেশ ইন দাভোস ২০১৭: সাম রিফ্লেকশনস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। ওই সেমিনারে তিনটি কর্ম অধিবেশনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের প্রেক্ষাপটে ভবিষ্যতের ব্যবসা ও ঝুঁকি, প্রযুক্তি, সৃজনশীলতার বৈশ্বিক প্রেক্ষাপট এবং পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় বাংলাদেশের ভবিষ্যতের পথচলা নিয়ে বক্তারা আলোচনা করেন।

এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবীরের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে বক্তৃতা দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘আলোচনার প্রক্রিয়ায় বাংলাদেশের প্রসঙ্গ যেভাবে এসেছে, দাভোসে একজন কূটনীতিক ও রাজনীতিবিদ হিসেবে অংশ নেওয়ার পর তা আমাকে অবাক করেছে। এটা স্পষ্ট যে এখানে যাঁরা উপস্থিত আছেন, বাংলাদেশের অর্থনীতিকে দেশের গণ্ডির বাইরে এবং এই অঞ্চল ও তার বাইরের পরিবর্তনের সঙ্গে সম্পর্কের নিরিখে দেখার সময় এসেছে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এখন থেকেই আমাদের ওই সময়ের পরের পর্যায়ের ভাবনা শুরু করতে হবে।’

দাভোসে বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্নের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি, উদ্যোক্তা ও সৃজনশীল অ্যাজেন্ডার ব্যাপারে চলমান বৈশ্বিক আলোচনা ও নিয়মের ওপর মনোযোগ দিয়ে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য লাভবান হতে পারে। এ ক্ষেত্রে আমরা এক সঙ্গেই আছি। অপ্রত্যাশিত এক অনিশ্চয়তার এই যুগে এসে বাংলাদেশের “ব্র্যান্ডিং” কিংবা “অবস্থান” তুলে ধরতে হবে সম্মিলিতভাবে।’

এমসিসিআই সভাপতি নিহাদ কবীর বলেন, বৈষম্য দূর করার জন্য টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনার স্বার্থে সরকার ও বেসরকারি খাতের মধ্যে আরও সহযোগিতা বাড়ানো জরুরি।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তৃতায় এমসিসিআইয়ের সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, কোনো দেশের মধ্যে এবং বিভিন্ন দেশে ক্রমবর্ধমান বৈষম্য দূর করার পাশাপাশি বাজারের চাহিদার সঙ্গে মিল রেখে বৈশ্বিক প্রতিযোগিতায় টিক থাকতে হলে স্থানীয় তরুণদের দক্ষতা বাড়ানো জরুরি।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘আমরা এমন এক হাইব্রিড বিশ্বে বাস করছি, যেখানে পরিবর্তনটা অভূতপূর্ব এবং একই সঙ্গে অনিশ্চিতও বটে। পপুলিজম (লোকরঞ্জনবাদ) ও সন্ত্রাসবাদের বিস্তারের তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রসরতা ও বৈশ্বিক উন্নয়ন অ্যাজেন্ডায় সব দেশের ওপর প্রভাব ফেলছে। এমন এক পরিস্থিতিতে ভূরাজনীতিতে অনিশ্চয়তা ও প্রযুক্তির উৎকর্ষের এই সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যবসাকে প্রচলিত ধারার বাইরে নিয়ে গিয়ে সৃজনশীল উপায়ে কাজ করতে হবে। যার চূড়ান্ত লক্ষ্য হবে সমাজে বৈষম্য দূর করা, যার বড় লক্ষ্য হবে তরুণেরা।’

জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও উন্নয়নের ক্ষেত্রে বিশ্বায়নের ধারণাকে প্রত্যাখ্যান করায় সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামে উদ্যোক্তাদের কথা বলা হয়েছে, যেখানে বহুজাতিক কোম্পানি থেকে শুরু করে ছোট প্রতিষ্ঠানও সমাজে অবদান রাখছে। ভবিষ্যতে উৎপাদন ও ভোগ দুই ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন আসবে। তাই ভোক্তার বিষয়টি সামনে রেখে ভবিষ্যতে জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে পরিকল্পনা নিতে হবে, যেখানে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সৃজনশীলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সাবেক কূটনীতিক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এম হুমায়ুন কবীর বলেন, ‘আমরা এমন একটা সময়ে
জ্ঞানভিত্তিক অর্থনীতির কথা বলছি, যখন স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষার মানের অবস্থা বেশ খারাপ। এমন এক পরিস্থিতিতে দক্ষ ও যোগ্য কর্মশক্তি কোথা থেকে আসবে, সেটি একটা বড় প্রশ্ন।’

সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বেকারত্ব দূর করতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন। কেননা, তরুণ জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সেমিনারে আরও বক্তৃতা করেন সাবেক অর্থসচিব এম সাইদুজ্জামান, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী, সাবেক কূটনীতিক এম তৌফিক আলী, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বকর, বিডিজবস ডট কমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম প্রমুখ।