বান্দরবানের বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরী বলেছেন, পাহাড়ি সমাজে আপাতদৃষ্টিতে নারীর অধিকার রয়েছে মনে হলেও বাস্তবে সম্পত্তির উত্তরাধিকার ও সিদ্ধান্ত গ্রহণে তাঁদের কোনো অংশগ্রহণ নেই। নারীর ক্ষমতায়ন না হলে বৈষম্য কমিয়ে সম-অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
গতকাল শুক্রবার সকালে বান্দরবানের জেলা শহরের একটি হোটেলে বেসরকারি দুটি সংগঠনের উদ্যোগে ‘পরিবার ও সমাজে আদিবাসী নারীর প্রতি নির্যাতন এবং প্রথাগত আইন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বোমাং সার্কেলের রাজা।
অনন্যা কল্যাণ সংগঠন ও নারী প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন নারীনেত্রী ডনাই প্রু নেলী। বিশেষ অতিথি ছিলেন রাজপরিবারের প্রবীণ সদস্য চ হ্লা প্রু চৌধুরী, বান্দরবান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি মং থোয়াইচিং মারমা।
উ চ প্রু চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার লক্ষ্যে আগামী দিনগুলোতে বোমাং রাজার ঐতিহ্যগত প্রশাসনে নারী হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারি (পাড়াপ্রধান) নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, কার্বারিদের মাধ্যমে বিবাহ নিবন্ধন চালু করা সম্ভব হলে পরিবারে ও সমাজে নারী নির্যাতন অনেকাংশে কমিয়ে আনা যাবে।
সেমিনারে পাহাড়ি জনগোষ্ঠীর প্রথাগত আইন ও নারীদের বৈষম্য সম্পর্কে মতামত তুলে ধরেন লালছানি লুসাই, ডমেচিং মারমা, জুয়ামলিয়ান আমলাই বম, উন্নয়নকর্মী রূপনা দাশ, শিরিন খানম, জুরাতি ত্রিপুরা, মেলকম ম্রো, রূপশ্রী নেওয়ার, মিচিং মারমা, বাথোয়াইচিং মারমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে শুধু বান্দরবান জেলার মারমা নারী ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের নারী সম্পত্তির উত্তরাধিকার পান না। এখন তাই পাহাড়ি সমাজের প্রথাগত আইন বর্তমান বাস্তবতার সঙ্গে সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে।