বৈষম্য থেকে মুক্তি চান হরিজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবৈষম্য থেকে মুক্তি চান দেশের হরিজন সম্প্রদায়ের মানুষ। তাঁরা মনে করেন, মানুষ হিসেবে অন্য সব নাগরিকের মতো সমান অধিকার তাঁরা পাচ্ছেন না।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত হরিজন সমাবেশ ও আলোচনা সভায় হরিজনেরা এ কথা বলেন।
সরকারের কাছে এই সম্প্রদায়ের দাবি, মানবাধিকারের প্রশ্নে তাঁদের যেন আলাদা করে দেখা না হয়। সংবিধান প্রদত্ত সমান অধিকার যেন দেওয়া হয়। আর দেশের সব মানুষের কাছে তাঁরা আকুল আবেদন জানিয়ে বলেছেন, হরিজন সম্প্রদায়ের মানুষ ও অন্য মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তাঁদের যেন তুচ্ছ-তাচ্ছিল্য করা না হয়।
হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রম্ভুনাথ বাঁশফোর প্রথম আলোকে বলেন, একবিংশ শতাব্দীতে এসেও এখনো অনেক মানুষ হরিজন সম্প্রদায়ের মানুষকে নিচু জাত ও অচ্ছুত মনে করেন। হোটেলে পর্যন্ত অন্যদের সঙ্গে একই টেবিলে খাবার দেওয়া হয় না, এমন ঘটনাও দেশের বিভিন্ন জেলায় ঘটেছে। এই সম্প্রদায়ের যেসব মানুষ সরকারি চাকরি করেন, তাঁদের সঙ্গে কর্মকর্তারা খারাপ ব্যবহার করেন। তিনি জানান, সারা দেশে হরিজন সম্প্রদায়ের প্রায় দুই লাখ মানুষ আছে। সরকারি চাকুরে ঝাড়ুদারদের ২৫ শতাংশই এই সম্প্রদায়ের মানুষ।
সমাবেশে মানপত্র পাঠ করেন বাসন্তী রানী। তিনি বলেন, নিচু জাত বা উঁচু জাত বলে তো কিছু থাকতে পারে না। এই সম্প্রদায়ের মানুষ শিক্ষায় পিছিয়ে আছে। তাঁরা অনগ্রসর। তাই বলে তাঁদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হবে কেন? তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হরিজন সম্প্রদায় যে ধরনের বর্ণবৈষম্যের শিকার, তা নিরসন হওয়া উচিত।