শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করেছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা বৈষম্য দূর করতে অবিলম্বে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ হয়। এতে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার কয়েক হাজার শিক্ষক অংশ নেন। সমাবেশ শেষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ে দেশের শতকরা ৯৫ ভাগ শিক্ষার্থী বেসরকারি বিদ্যালয়ে পড়ালেখা করে। বাকি ৫ ভাগ শিক্ষার্থী পড়ে সরকারি বিদ্যালয়ে। ৯৫ ভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে পড়ানোর পরও বেসরকারি শিক্ষকেরা বেতন-বৈষম্যের শিকার হচ্ছেন।
সরকারের উদ্দেশে এক বক্তা বলেন, ‘সরকারি শিক্ষকেরা যে সিলেবাস পড়ান, আমরাও সেই সিলেবাস পড়াই। খোঁজ নিয়ে দেখেন মাধ্যমিক পর্যায়ের ফলাফলে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল ভালো না খারাপ? এরপরও আমরা বৈষম্যের শিকার।’
বক্তারা আরও বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি যৌক্তিক। প্রধানমন্ত্রী তাঁদের দাবির পক্ষে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি করে একটি মহল প্রধানমন্ত্রীকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু তাঁরা (শিক্ষকেরা) প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে পারেন, বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হলে সরকারের লোকসান হবে না। তাঁরা টিউশন ফি সরকারের কোষাগারে জমা দেবেন।
পর্যায়ক্রমে বিভাগীয় সমাবেশের পর ২৫ জানুয়ারি ঢাকায় জাতীয় সমাবেশ করা হবে বলে জানান বক্তারা। এরপরও দাবি আদায় না হলে শিক্ষকেরা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন। বক্তারা প্রধানমন্ত্রী ঘোষিত বৈশাখী ভাতা এবং নন-এমপিও শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্ত করার দাবিও করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ছয় বিভাগের সমিতির নেতারা।