বৈষম্য দূর করতে গ্রাম পরিষদ গঠনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ উন্নত হয়েছে, কিন্তু সমাজের মানুষের মধ্যে আয়-বৈষম্যও বেড়েছে। শুধু তথ্য-উপাত্ত দিয়ে এ আয়-বৈষম্য বিচার করতে হবে না, তা চোখেও দেখা যায়। বৈষম্যের রূপ এমন হয়ে পড়েছে যে মনে হয় এক দেশের মধ্যে আরেক দেশ হয়ে গেছে।
আর এ বৈষম্য দূর করতেই যৌথতা ও সমবায়ের চিন্তা বড় করে সামনে আসছে। বৈষম্য দূর করতেই দরকার এখন গ্রাম পরিষদ গঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও এমন স্বপ্নই ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গতকাল রোববার ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশের গ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিমত উঠে এসেছে। বাংলার পাঠশালা আয়োজিত এ আলোচনা সভার সভাপতি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান।
জাতিসংঘের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নজরুল ইসলাম এতে প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। আলোচনার শুরুতেই অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নজরুল ইসলাম তাঁর প্রবন্ধে বলেন, চল্লিশ ও পঞ্চাশের দশকে বেশির ভাগ মানুষই গ্রাম থেকে শহরে আসেন, বঙ্গবন্ধুও এসেছিলেন। তখন গ্রামের কৃষকের কাছে বড় নেতা ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। ফজলুল হকের প্রস্তাব ছিল ১০০ বিঘা পর্যন্ত জমির সিলিং (একজনের দখলে সর্বোচ্চ পরিমাণ জমি রাখার সীমাবদ্ধতা) এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ। আইয়ুব খান সরকার যদিও জমির সিলিং করেছিল ৩৭৫ বিঘা।
নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর বাবা তাই বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছিলেন, ‘হক সাহেবের বিরুদ্ধে কিছু বলিয়ো না।’ বঙ্গবন্ধুও কখনোই গণমুখিনতা ও গ্রাম অভিমুখিনতা থেকে দূরে সরে যাননি। স্বাধীনতার পর ১০০ বিঘা সিলিং বাস্তবায়নের উদ্যোগ নেন বঙ্গবন্ধু। কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকে বিরোধ আসায় তা পারেননি।
প্রবন্ধে বলা হয়, ১৯৭৫ সালের ২৬ মার্চ এক ভাষণে বঙ্গবন্ধু নতুন প্রস্তাব দেন। বঙ্গবন্ধুর সমবায় ভাবনা এ রকম—প্রতি গ্রামে যৌথ চাষ হবে এবং ফসলের ভাগ যাবে মালিক, শ্রমিক, গ্রাম তহবিল—এ তিন জায়গায়। নজরুল ইসলাম বলেন, দেশের জনসংখ্যা বেড়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। গ্রামগুলোও এতিম হয়ে গেছে। বঙ্গবন্ধুর সমবায় গ্রাম হয়নি, জিয়াউর রহমানের গ্রাম সরকারও ব্যর্থ হয়েছে। তারপরও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। প্রাথমিক পদক্ষেপ হতে পারে গ্রাম পরিষদ। এতে গড়ে উঠবে গ্রামের ভেতর থেকেই তহবিল গঠনের সংস্কৃতি। পাশাপাশি স্বেচ্ছামূলক বাজারভিত্তিক ভূমি সংস্কারের প্রস্তাবও দেন তিনি।
একটি মৃত বিষয়কে জীবিত করার সাহসী প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে প্রবন্ধকারকে ধন্যবাদ দেন এম এম আকাশ। তিনি বলেন, দেশে ভূমিহীনের সংখ্যা আগে ছিল ৩০ শতাংশ, এখন ৬৫ শতাংশ। শিয়াল আর মুরগির মধ্যে সমবায় হলে আধিপত্য থাকে শিয়ালের।
এম এম আকাশ বলেন, গ্রামের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল। কিন্তু শ্রেণি-ব্যাখ্যাটাও জানা দরকার। কাদের নিয়ে চলতে চেয়েছেন তিনি? বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লে বোঝা যায়, ফজলুল হকের দিকে না গিয়ে তিনি কেন গেলেন সোহরাওয়ার্দীর দিকে। আবার সেখানেও থাকলেন না।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গ্রামের সম্পদ শহরে আসছে নানাভাবে। গ্রামের উৎপাদন ব্যবস্থায় সমবায় চিন্তা প্রয়োগ করলে শহরে ক্রেতা সমবায়ও দরকার। তাহলে সবাই সুবিধা পাবে। তিনি বলেন, সম্পদের বণ্টনের জন্য গ্রাম পরিষদ কেন, অনেক কিছুই সম্ভব। কিন্তু তার আগে রাষ্ট্রের চরিত্র বদলাতে হবে।
সভাপতির বক্তব্যে রেহমান সোবহান বলেন, ‘সমাজে বৈষম্য বেড়েছে। আবার এ-ও তো ঠিক, গ্রামগুলো এখন শহরের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গেছে। সেদিন গাজীপুর গেলাম, দেখলাম, ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রাস্তার দুই ধারে কেবল ভবন আর ভবন।’