হরিজন জনগোষ্ঠীর উন্নয়নবিষয়ক সেমিনারে আলোচকেরা বলেছেন, দেশের প্রায় ১৫ লাখ হরিজন সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ঘৃণা, বৈষম্য ও বঞ্চনার শিকার। এই বৈষম্য দূর করতে হলে দেশের প্রচলিত আইন বাস্তবায়নের পাশাপাশি সংখ্যালঘু এই জনগোষ্ঠীর শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘উন্নয়ন কর্মসূচিতে দলিত-হরিজন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ (বিএইচওপি)। বেসরকারি সংস্থা ফেয়ার এবং মানুষের জন্য ফাউন্ডেশন সেমিনার আয়োজনে সহায়তা করে।
সেমিনারের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম হরিজনদের উদ্দেশে বলেন, ‘রাষ্ট্র আপনাদের ও আপনাদের সন্তানদের জন্য যেসব সুযোগ-সুবিধা প্রদান করেছে সে সম্পর্কে জানুন, এগুলো গ্রহণ করুন পূর্ণভাবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, দলিতদের সঠিক সংখ্যা নির্ধারণ, তাঁদের তালিকা তৈরির পাশাপাশি সরকার দলিতদের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সেমিনারের শুরুতে মূল ধারণাপত্র উপস্থাপন করেন বিএইচওপির মহাসচিব নির্মলচন্দ্র দাস।
বিএইচওপির সভাপতি কৃষ্ণলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিএইচওপির নারীবিষয়ক সম্পাদক সুচিত্রা রানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার রেজওয়ানুল করিম, ফেয়ারের পরিচালক দেওয়ান আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।