বৈষম্য দূর করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’। তাই এ বছর দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা কাজের মজুরিসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে থাকা বৈষম্য দূর করার আহ্বান জানান।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মিলনায়তনে যায়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরা বেগম প্রমুখ।
সিলেট: সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, তথ্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি প্রমুখ বক্তৃতা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম। ‘নারীর প্রতি সকল বৈষম্যের নিরসন চাই’ ব্যানারে সকালে নগরে শোভাযাত্রা বের করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা ও মহানগর শাখা। ‘প্রতিদিনই হোক নারীর মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভা করেছে প্রথম আলো বন্ধুসভা। বিকেলে নগরের পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা হয়।
কুমিল্লা: গতকাল বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নগরের কান্দিরপাড় টাউন হল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা স্টেশন ক্লাব চত্বরে এসে শেষ। পরে সেখানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ মুসলিমা মুন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান প্রমুখ।
শেরপুর: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এনামুল হক প্রমুখ। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার উদ্যোগে বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভানেত্রী জয়শ্রী দাস। তিনি বলেন, নারীরা এখন পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে বৈষম্যের শিকার হচ্ছে। বিশেষ করে শেরপুরের চাতালগুলোতে কর্মরত কয়েক হাজার নারী শ্রমিক সমান কাজ করেও পুরুষ শ্রমিকের চেয়ে কম মজুরি পাচ্ছেন। তিনি এ বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
নেত্রকোনা: সকাল ১০টার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক আলোচনায় সভায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী প্রমুখ।
সুনামগঞ্জ: জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সভা হয়। এতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার সভাপতিত্ব করেন।
মৌলভীবাজার: সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা, জোটের সমন্বয়ক শাহনেওয়াজ পাভেল প্রমুখ বক্তৃতা করেন।
টাঙ্গাইল: জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মনোয়ারা বেগম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেনের সভাপতিত্ব করেন।