বৈষম্য নিরসনে কোটা চান দলিতরা
দলিত জনগণের অধিকার রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে দ্রুত বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত ছাত্রদের ভর্তিতে কোটা ব্যবস্থা চালু এবং শিক্ষিত দলিতদের চাকরিতে প্রবেশে কোটা চালু করার দাবি জানিয়েছে দলিত সম্প্রদায়ের কল্যাণে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অভিযান’।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ‘দলিত জনগোষ্ঠীর শিক্ষার অবস্থা ও করণীয় শীর্ষক সেমিনারে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।
অভিযান-এর সহসভাপতি উৎপল বিশ্বাস বাংলাদেশে দলিত জনগণের অধিকার প্রসঙ্গে কয়েকটি সুপারিশ তুলে ধরে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত ছাত্রদের ভর্তিতে কোটা ব্যবস্থা চালু, দলিত শিশুদের স্কুলগামী করার জন্য সরকারি পদক্ষেপ নেওয়া, শিক্ষিত দলিতদের চাকরিতে প্রবেশে কোটার ব্যবস্থা করা, দলিত ছাত্র-ছাত্রীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ৫০ লাখ টাকা বাড়ানো ও এর ব্যবস্থাপনা কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব রাখা এবং দলিত কমিশন গঠন করা। এ কমিশন গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার কমিশন দলিত অধিকার বিষয়ক বিশেষ সেল স্থাপন এবং দলিতদের মানবাধিকার বিষয়ে জাতীয় ভিত্তিক অনুসন্ধান কাজ হাতে নেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘দলিতদের প্রতি দেশে এত বৈষম্য আছে তা আগে জানা ছিল না। এ অনুষ্ঠানে এসে আমার চোখ খুলে গেছে। মুক্তিযুদ্ধকালীন এক কোটি শরণার্থীর মধ্যে ৭০ লাখ ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের অবদান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব হতো না।’ দলিতদের সংখ্যা নির্ধারণে একটা আদমশুমারি করা দরকার বলেও মনে করেন তিনি।
গওহর রিজভী বলেন, সংখ্যালঘু দলিতরা শিক্ষা-প্রতিষ্ঠানে, চাকরিতে এবং আরও যেসব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে সেগুলো সরকারকে জানাতে হবে। এটা একটা রাজনৈতিক সংগ্রাম। এ জন্য সংগঠিত হতে হয়। তেমনিভাবে দেশে যেসব দলিত জনগোষ্ঠী আছে তাদেরও অধিকারে আদায়ে সংগঠিত হতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশি কবীর বলেন, ‘মুক্তিযুদ্ধে এ দেশে কেউ সংখ্যালঘু নয় বরং সকলেই সমানভাবে নাগরিক হিসেবে মর্যাদা পাবেন। ২০১৭ সালে এসেও শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন সম্প্রদায়ের বলে বৈষম্যের শিকার হচ্ছেন, এর চেয়ে লজ্জার আর কিছু নাই।’
খুশি কবীর বলেন, দলিতদের প্রতি বৈষম্য বাংলাদেশের সংবিধান বিরোধী। দলিত সম্প্রদায়ের মানুষের জন্য কোটার দরকার আছে। দলিত কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে তবে তাকে অগ্রাধিকার দিতে হবে।’
ভীম্পাল্লী ডেভিড রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক বনানী বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ও সমাজসেবক সোমনাথ দে, ইঞ্জিনিয়ার শৈলেন সাহা প্রমুখ।