বৈষম্য বিলোপ আইন নিয়ে মন্ত্রণালয় বসে নেই: আইনমন্ত্রী
বৈষম্য বিলোপ আইন নিয়ে মন্ত্রণালয় বসে নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সংবিধানে সব নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এ বছরের শেষের দিকে আইনটি পাস হতে পারে। গতকাল বৃহস্পতিবার এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বৈষম্য বিলোপ আইন: মানবাধিকার সুরক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ’ শীর্ষক সেমিনারটির আয়োজক ছিল জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন।
আয়োজকেরা সেমিনারে জানান, জাতীয় মানবাধিকার কমিশন ও আইন কমিশনের সহযোগিতায় বৈষম্যের শিকার হয়ে থাকেন এমন সব জনগোষ্ঠীর প্রতিনিধিরা মিলে বৈষম্য বিলোপ আইনের খসড়ার প্রস্তাবটি চূড়ান্ত করেন। গত বছর আইন মন্ত্রণালয়ে খসড়া প্রস্তাবটি পাঠানো হলেও এখন পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।
সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এটি একটি বিশেষ ধরনের আইন। এটি নিয়ে মন্ত্রণালয় বসে আছে বিষয়টি এমন নয়। এতে বেশ কিছু ধারা প্রচলিত আইনের বিধির সঙ্গে সাংঘর্ষিক।’
আইনমন্ত্রী বৈষম্য বিলোপ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতগুলো যাতে দণ্ড দিতে পারেন, সে ব্যবস্থা রাখা যেতে পারে বলে মন্তব্য করেছেন।