বৈষম্য বিলোপের লক্ষ্য নিয়ে কাল শুরু আইপিইউ সম্মেলন
>বাংলাদেশ, জার্মানি, ভারত, ইরান, সুইডেন ও ফিলিপাইনসহ ৫৩ দেশের স্পিকার এবং ১৩২টি দেশের ৬৫০ সংসদ সদস্য অংশ নেবেন
আলোচনার উল্লেখযোগ্য বিষয়বস্তু
* বৈষম্য দূর করে সবার জন্য মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত
* সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ রোধে সংসদের ভূমিকা
* এসডিজিতে সহযোগিতা বিশেষ করে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে অর্থনৈতিক প্রক্রিয়ায় নারীর অন্তর্ভুক্তি
বিশ্বজুড়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকায় শনিবার শুরু হচ্ছে আইপিইউর সম্মেলন। পাঁচ দিনের এই সম্মেলনে অংশ নেবেন ১৩২টি সদস্য দেশের সাড়ে ছয় শ সাংসদ।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধন করবেন। তবে নির্বাহী কমিটির এবং অন্যান্য কিছু সভা গত বুধবার থেকে শুরু হয়েছে।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ওয়েবসাইটে বলা হয়েছে, ৫৩টি দেশের স্পিকারসহ সাংসদেরা নানা ধরনের বৈষম্য বিলোপ, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ রোধ এবং অর্থায়নে নারীর অংশগ্রহণের সুযোগের মতো প্রসঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন। উদ্বোধনী অধিবেশনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভারতের শিশু অধিকার সংগঠক কৈলাস সত্যার্থীর মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।
আইপিইউ সম্মেলন বা আইপিইউর ১৩৬তম সাধারণ সভার সময় নারী সাংসদদের ফোরামের ২৫তম অধিবেশন বসবে। এতে দুই শতাধিক নারী সাংসদের যোগ দেওয়ার কথা আছে। এ সময় তাঁদের আলোচনায় অর্থায়ন প্রক্রিয়ায় লিঙ্গবৈষম্য অবসানের বিষয়টি গুরুত্ব পাবে।
সম্মেলনে আইপিইউর তরুণ সাংসদদের বৈঠকে তরুণদের প্রেক্ষাপট থেকে একটি প্রস্তাব দেওয়া হবে। মানবাধিকার কমিটির আলোচনায় সাংসদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা হবে। শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক স্থায়ী কমিটিতে সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ রোধে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
বৈষম্য দূর করতে বিশ্ব সম্প্রদায় ২০১৫ সালে জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) দশম লক্ষ্যে সরকারগুলো দেশের ভেতরে এবং বিভিন্ন দেশে বৈষম্য বিলোপের আহ্বান জানিয়েছে। দরিদ্র, নারী ও ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোর ওপর বৈষম্য কী ধরনের প্রভাব ফেলছে তার ওপর আইপিইউর সাধারণ সভায় বিশেষ গুরুত্ব দেবেন সাংসদেরা। এসডিজির ১০ লক্ষ্য অর্জনকে সাফল্যের মাত্রা হিসেবে ব্যবহার করে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের ব্যাপ্তি মূল্যায়নের চেষ্টা করবেন। এ ছাড়া সিদ্ধান্ত গ্রহণের সব স্তরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন নিশ্চিতের বিষয়টিও খতিয়ে দেখবেন।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত ১৩০টি দেশ আইপিইউতে তাদের যোগদান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এ ছাড়া আইপিইউর সহযোগী পাঁচটি পার্লামেন্ট এবারের সম্মেলনে যোগ দিচ্ছে।
২০১৪ সালের ১৬ অক্টোবর আইপিইউর ১৩১তম সাধারণ সভায় সাংসদ সাবের হোসেন চৌধুরী সংস্থার সভাপতি নির্বাচিত হন। আইপিইউতে তিনিই প্রথম বাংলাদেশি, যিনি সভাপতি নির্বাচিত হন। তাঁর এই অর্জন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জেনেভাভিত্তিক আইপিইউ এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় সংস্থা। বর্তমানে এর সদস্যসংখ্যা ১৭০ এবং সহযোগী সদস্য ১১।