বৈষম্য মাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়
নানা আয়োজনে গতকাল বুধবার যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেছেন, কেবল আইন করে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য নারী-পুরুষনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও প্রতিবন্ধকতা দূর করে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়ায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস উইমেন নেটওয়ার্ক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক আনার কলি মাহবুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবাদত হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভীন প্রমুখ।
চুয়াডাঙ্গায় বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবদুল আওয়াল এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা হাকিম দেব প্রসাদ পাল।
ঝিনাইদহে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সেটি শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ মণ্ডল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কানিজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রমুখ।
মাগুরা শহরে সকালে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রমুখ। পৌরসভা চত্বরে পৃথক আলোচনা সভায় পৌর মেয়র খুরশিদ হায়দার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্যানেল মেয়র মকবুল হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর সবেতারা বেগম, বস্তি উন্নয়ন কর্মকর্তা আজমেরী খাতুন প্রমুখ।
মেহেরপুরে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে সেটি শেষ হয়। শোভাযাত্রায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা প্রমুখ অংশ নেন।
রাজবাড়ীতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। বক্তব্য দেন সিভিল সার্জন রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদরের ইউএনও সৈয়দা নূরমহল আসরাফী, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী তানিয়া সুলতানা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সবিতা চন্দ প্রমুখ।