বৈষম্য রোধে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে আইন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্য বিলোপে বাংলাদেশের সংবিধানে থাকা নানা অনুচ্ছেদ বিস্তৃত বা সুনির্দিষ্ট নয়। ব্যক্তি ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য রোধে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে আইন দরকার।
গতকাল বৃহস্পতিবার ‘ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে সমতা এবং বৈষম্যবিরোধী আইন: বাংলাদেশের জন্য উদাহরণ’ বিষয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজের স্কুল অব ল-এর অধ্যাপক রবার্ট উইনটিমিউট। আইন করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বৈষম্য রোধকারী আইনগুলো এ ক্ষেত্রে সহায়তা করতে পারে বলেও মত দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
রবার্ট উইনটিমিউট যুক্তরাজ্যের মানবাধিকার-বিষয়ক ও বৈষম্যবিরোধী আইনগুলোর পরিপ্রেক্ষিত আলোচনা করেন। তিনি বৈষম্যকে একটি ব্যাধির সঙ্গে তুলনা করেন। সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি শাহনাজ হুদা বলেন, সংবিধানে স্ববিরোধিতা রয়েছে। প্রচলিত নাগরিকত্ব আইনকে নারীর প্রতি বৈষম্য সৃষ্টিকারী বলে মনে করেন তিনি। ব্লাস্টের সাম্মানিক নির্বাহী পরিচালক সারা হোসেন সেমিনারে সঞ্চালনা করেন।