প্রস্তাবিত বাজেট বরাদ্দে প্রতিবন্ধী জনগণের উন্নয়নে শিক্ষা, কর্মসংস্থান ও পুনর্বাসনে সরকারের নির্বাচনী ওয়াদা বা প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন নেই। প্রতিবন্ধী জনগণের জন্য প্রচলিত বৈষম্যপূর্ণ বাজেট বরাদ্দের ধারাবাহিকতা এবারও অব্যাহত রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো প্রকল্পে এবারও বরাদ্দ দেওয়া হয়নি।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৩-১৪: প্রতিবন্ধী জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এ সময় আগামী অর্থবছরে দারিদ্র্য দূরীকরণে কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, রেশনিং পদ্ধতির খাদ্য বিতরণ এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে সুবিধাভোগীর তালিকায় প্রতিবন্ধী নাগরিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক নাফিসুর রহমান লিখিত বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে স্থানীয় সরকারের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী মানুষকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. রজব আলী খান বলেন, বিনা মূল্যে পাঠ্যপুস্তক পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। তাদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক বাবদ পাঁচ কোটি টাকা বরাদ্দের দাবি জানান তিনি। অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির ভাতা মাসিক ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা করা এবং ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ২৯ হাজার ৬০০ জন করায় সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান ফোরামের নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফোরামের কোষাধ্যক্ষ সৈয়দ কামরুল ইসলাম, সদস্য সেলিনা আক্তার, গোলাম মোস্তফা, তাইজুদ্দিন প্রমুখ ।