বৈষম্যমূলক অর্থব্যবস্থার কারণে মানব পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যমূলক অর্থব্যবস্থার কারণে মানব পাচার হয়। এ কারণে আমাদের দারিদ্র্য মুক্তির জন্য কাজ করে যেতে হবে। পাশাপাশি আমাদের নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসনকে গুরুত্ব দিতে হবে। এটা নিশ্চিত করতে পারলে মানব পাচার নিয়ন্ত্রণ করা যাবে। গতকাল শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতের পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ‘মানব পাচার রোধে সমন্বিত আইন প্রণয়নে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জানা গেছে, সরকার মানব পাচার রোধে একটি আইন করতে যাচ্ছে। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে খসড়া আইনটিতে আরও করতে কী কী সংযোজন-বিয়োজন করা যায়, তা খুঁজে বের করতে এই কর্মশালার আয়োজন করা হয়।সূচনা বক্তব্যে মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক বলেন, দক্ষিণ এশিয়ায় মানব পাচার এখন উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, মানব পাচার মানবাধিকার লঙ্ঘনের অন্যতম জঘন্য রূপ। পাচারের মাধ্যমে মানুষকে জোরপূর্বক শ্রম ও যৌনকর্মে নিয়োজিত করা হয়। এটা দাসপ্রথার এক আধুনিক রূপ। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘আমাদের দেশে অনেকে জমিজমা, গবাদিপশু বিক্রি করে বিদেশে যায়। অনেক রিক্রুটিং এজেন্সি তাদের সঙ্গে প্রতারণা করে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অনেক মানুষ চাকরির নিরাপত্তা ও পর্যাপ্ত আবাসনের সুযোগ ছাড়াই যাচ্ছে। সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখছে। এই প্রতারণা বন্ধ করতে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক করছে। এই ব্যাংক বিদেশ গমনেচ্ছুদেরকে ঋণ দেবে। ফলে তাদের আর জমি-জমা বিক্রি করতে হবে না।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দরিদ্র মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, শিক্ষার অধিকারের বিষয় নিয়ে আমরা উদাসীন থাকতে পারি না। আমরা যা কিছু করি না কেন, নাগরিকদেরই সব কাজের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। আমরা যদি মানুষকে গুরুত্ব না দিই, তাহলে উন্নয়নের অর্থই হয় না।উদ্বোধনী পর্বের পর কর্মশালায় খসড়া আইনটির নানা দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন আইন, মানবাধিকার, এনজিও কর্মীরা। তাঁদের বক্তব্যের আলোকে একটি সুপারিশমালা তৈরি করে তা সরকারকে দেবে মানবাধিকার কমিশন। তাদের বক্তব্য শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইমান আলী বলেন, মানব পাচারের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হলে বেশ কিছু ব্যবস্থা নিতে হবে। মামলা হলে ভুক্তভোগী ও তার পরিবারকে সুরক্ষা দিতে হবে। আর বাচ্চাদের কাজ করতে দেওয়া যাবে না। তারা শৈশব উপভোগ করবে ও পড়ালেখা করবে। বিকেলে সমাপনী অধিবেশনে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মানব পাচার রোধ করতে আমাদের সর্বাগ্রে দেশকে দারিদ্র্যমুক্ত এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।সমাপনী বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমাদের নাগরিকদের জন্য ১৮০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা করতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাব। পাশাপাশি আমাদের এমন একটি শাসনব্যবস্থা অনুসরণ করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না। যেসব রাজনীতিবিদেরা দুর্নীতি করে, টাকা কামাই করে, বিদেশে পাচার করছে; তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।