ধর্ম, বর্ণ, ভাষা, শারীরিক-মানসিক ও লিঙ্গপ্রতিবন্ধিতা এবং কথিত ‘অস্পৃশ্যতা’র অজুহাতে সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্যমূলক কাজ বেআইনি। বৈষম্যমূলক এসব কাজ শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন নিয়ে আইন কমিশনের সুপারিশে এ কথা বলা হয়েছে।
১৪ পৃষ্ঠার বৈষম্য বিলোপ আইনের প্রস্তাবিত খসড়াসহ ২১ পৃষ্ঠার প্রতিবেদনটি সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। এতে কমিশন বৈষম্যমূলক অপরাধের সংজ্ঞা, দণ্ড, অপরাধের অভিযোগ গ্রহণ, তদন্ত প্রক্রিয়া, বৈষম্য বিলোপ আদালত প্রতিষ্ঠা এবং তদন্ত ও বিচার-প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ করেছে।
বৈষম্যের সংজ্ঞায় কমিশন বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী, অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর তুলনায় কম সুবিধা পাওয়া এবং ভিন্নতর আচরণ ও বঞ্চনার শিকার হওয়া বৈষম্য বলে গণ্য হবে।
সুপারিশে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন বৈষম্যমূলক মামলার তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করবে। কমিশন অনগ্রসর নাগরিকগোষ্ঠীকে মূলধারায় আনতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি মন্ত্রণালয়ে এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ আদালত ও বিচার-প্রক্রিয়া: সুপারিশে বলা হয়, সরকার প্রতিটি জেলায় এক বা একাধিক ‘বৈষম্য বিলোপ বিশেষ আদালত’ প্রতিষ্ঠা করতে পারবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রতিটি জেলার জেলা ও দায়রা জজকে ‘বৈষম্য বিলোপ বিশেষ আদালত’-এর বিচারক নিযুক্ত করবে। অপরাধের মামলার ক্ষেত্রে অভিযোগ গঠনের তারিখ থেকে এবং দেওয়ানি মামলার বিচার্য বিষয় গঠনের তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে। রায়ের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে।
আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত আইন কার্যকর হলে বৈষম্যের কারণে ভুক্তভোগী ব্যক্তি ক্ষতিপূরণ চেয়ে মামলা করার অধিকারী হবেন। প্রতিবন্ধী, হিজড়া, ভাষা সংখ্যালঘুসহ দেশের সব নাগরিক যে কেউ বৈষম্যের শিকার হলে এ আইনের আওতায় প্রতিকার লাভের সুযোগ পাবেন।’
অধ্যাপক শাহ আলম বলেন, আইনটি প্রণয়ন করা হলে দেশের অবহেলিত শ্রেণীর প্রায় ৭০ লাখ মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
অপরাধ ও দণ্ডের সুপারিশ: অবহেলিত গোষ্ঠীর কারও জন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সেবা লাভে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে প্রথমবার অনধিক দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। পরবর্তী প্রতিবারের জন্য অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং কর্মলাভে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে প্রথমবার দুই বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।
প্রতিবন্ধী শিশুকে নিজ পরিবারে না রেখে কোনো গোষ্ঠীর কাছে তুলে দেওয়ার অপরাধে অনধিক ১০ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী হওয়া এবং পিতৃপরিচয় প্রদানে অসমর্থতার অজুহাতে শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে অস্বীকৃতি জানানো, শারীরিক-মানসিক নির্যাতন করা বা বহিষ্কার করার অপরাধে একই দণ্ডের প্রস্তাব করেছে কমিশন। জনস্থল, সর্বজনীন উৎসব, নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রবেশ ও অংশগ্রহণে বাধা দেওয়ার অপরাধে কমিশন প্রথমবারের ক্ষেত্রে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব দিয়েছে।