সব নাগরিকের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, অভিভাবকত্বসহ অন্যান্য পারিবারিক বিষয়ে অভিন্ন আইন ও প্রচলিত বৈষম্যমূলক আইন সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, হিন্দু বিবাহ নিবন্ধনের বিষয়টি আইনে ঐচ্ছিক না রেখে বাধ্যতামূলক করা হলে নারী-পুরুষের সম-অধিকার অর্জনের পথটি প্রশস্ত হতো। বর্তমানে আইন কমিশন পারিবারিক আইনে সংস্কার আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, যা ইতিবাচক বলেও তিনি উল্লেখ করেন। তিনি নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব নাগরিকের পারিবারিক আইনে সম-অধিকারের জন্য দেশের সংবিধানের আলোকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম বলেন, আশির দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন কমিশনে সুপারিশও জমা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের নেতারা তাঁদের আট দফা প্রস্তাবিত সুপারিশমালা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সব নাগরিকের বিবাহ নিবন্ধন, কেন্দ্রীয়ভাবে তথ্যভান্ডার, আইনে বাবা-মা উভয়ের অভিভাবকত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তানের অভিভাবকত্ববিষয়ক প্রচলিত আইন সংশোধন, বিবাহ নিবন্ধন ও বিচ্ছেদে বর-কনে উভয়ের সমান আইনি অধিকার নিশ্চিত করা, আইনে একই বাবা-মায়ের সব সন্তানের সমভাবে সম্পত্তি প্রাপ্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণ।সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাহার আহমেদ, আইন সহায়তাবিষয়ক সম্পাদক সাহানা কবির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক বুলা ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।