বৈষম্যহীন ক্ষতিপূরণ প্রদান এবং দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শনিবার ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ওই কর্মসূচির আয়োজন করে।
ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা মানববন্ধনে অংশ নিতে গতকাল সকাল থেকেই ধসে পড়া ভবনের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তাঁরা মানববন্ধন করেন। তাঁদের সঙ্গে ছিলেন গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা-কর্মীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, গ্লোবাল ট্রাস্ট ফান্ড ও প্রাইমার্কের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা কারও কাছেই স্পষ্ট নয়। অনুদান প্রদানে বিরাট বৈষম্য রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তরে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য জমা হওয়া অনুদানের অবশিষ্ট ১০৫ কোটি টাকার সঠিক হিসাব পাওয়া যায়নি।
তাসলিমা আখতার বলেন, ক্ষতিপূরণের নামে অনুদান দেওয়ার ক্ষেত্রে পাকাপাকি কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। হাইকোর্টের নির্দেশে বিশেষজ্ঞদের পক্ষ থেকে ক্ষতিপূরণের মাপকাঠি সম্পর্কে প্রস্তাব দেওয়া হলেও পরে কোনো নির্দেশনা আসেনি। তিনি দাবি করেন, অবশ্যই ক্ষতিপূরণের আইনি কাঠামো নিশ্চিত করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু শামা বলেন, রানা প্লাজার শ্রমিক হত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে তাঁদের বাঁচানোর নানা ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে রানার বাবা আবদুল খালেক ও সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহসহ অনেকেই জামিনে বের হয়ে গেছেন। তাঁদের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।