বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারি ও প্রধান বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। নওগাঁয় গত শনিবার অনুষ্ঠিত জাতীয় আদিবাসী পরিষদের নেতৃত্বাধীন আদিবাসী যুব-ছাত্র সম্মেলন-২০১১-এ উপস্থিত বক্তারা এ আহ্বান জানান। ‘তারুণ্যের মাদলে বাজাও দিনবদলের দ্রোহ’ স্লোগানকে সামনে রেখে শহরের করনেশন থিয়েটার হল মিলনায়তনে এ সম্মেলন হয়। আদিবাসী ছাত্র ও আদিবাসী যুব পরিষদ এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আদিবাসী যুব পরিষদের আহ্বায়ক হরেন্দ্রনাথ সিং। এতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল মারান্ডি, রবীন্দ্রনাথ সরেন, সতীশ পাহান, পাভেল পার্থ, জয়নুল আবেদীন, ময়নূল হক, মহসীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী ছাত্র ও যুব পরিষদের নেতা-কর্মীরা শহরে আনন্দ শোভাযাত্রা বের করেন। সম্মেলন শেষে দুই বছরমেয়াদি আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে হরেন্দ্রনাথ সিংকে। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নরেন পাগান ও রামপ্রসাদ মাহাতো।