চট্টগ্রামে স্মারক বক্তৃতায় ড. কামাল হোসেন
বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন এখনো পূরণ হয়নি

ন্যায় ও সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। তখন স্বপ্ন ছিল স্বাধীন দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য থাকবে না। নারী-পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না। কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি। তরুণেরা এই বৈষম্য দূর করে মানুষের স্বপ্ন পূরণ করতে পারে। গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কে খান স্মারক আইন বক্তৃতায় এসব কথা বলেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে অনুষদ ও এ কে খান ফাউন্ডেশন যৌথভাবে এ স্মারক বক্তৃতার আয়োজন করে। এতে ‘বাংলাদেশের সংবিধানের আলোকে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার’ শীর্ষক লিখিত বক্তব্য পাঠ করেন ড. কামাল।
ড. কামাল হোসেন বলেন, একটি রাষ্ট্রের মূলনীতি হওয়া উচিত বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা করা। এটি বাংলাদেশের মানুষেরও প্রত্যাশা। সংবিধানে জনগণের মৌলিক চাহিদা পূরণ, কাজের নিশ্চয়তা, বিশ্রাম, বিনোদন, অবসর গ্রহণের নিশ্চয়তার উল্লেখ রয়েছে। কিন্তু জনগণ যথাযথভাবে এই সুবিধাগুলো পাচ্ছে না।
ড. কামাল হোসেন বলেন, দেশব্যাপী যেভাবে বস্তিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে তা কাম্য নয়। উচ্ছেদ করলে তাদের বাসস্থান নিশ্চিত করতে হবে। এ ছাড়া শ্রমিকদের কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি নির্মল কুমার সাহা।