বৈষম্যের বিরুদ্ধে চাই গণ-আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেছেন, দেশে নারীদের প্রতি বৈষম্যের বহু দিক আছে। রাজনৈতিক ও মতাদর্শিক বিভাজনের বাইরে গিয়ে একটি বৃহৎ ঐক্য তৈরি করে নারীর প্রতি বৈষম্যমূলক আইনসহ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোর বিরুদ্ধে একটি গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদের দুই দিনব্যাপী সভার উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন বিশিষ্ট এই সাংবাদিক।
সভায় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো বলেছেন, বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের কম হওয়া উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে নারী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, তৃণমূলের নারী সংগঠকদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের মতো অনেক প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। এ দেশের সব পর্যায়ের ও সব শ্রেণির নারীদের আত্মবিশ্বাস অত্যন্ত ইতিবাচক।
‘সংগঠনকে সংহত করি: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করি’—এ স্লোগান নিয়ে শুরু হওয়া মহিলা পরিষদের অভ্যন্তরীণ মূল্যায়ন ও পরিকল্পনাবিষয়ক জাতীয় পরিষদের সভায় ৫৯টি জেলা শাখার প্রায় ৫০০ সংগঠক অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুশান হান্টার বলেন, বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রে নারীরা আছেন এবং এখনো প্রতিটি ক্ষেত্রে নারীর জন্য চ্যালেঞ্জ বিদ্যমান। তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।’
পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন অসাম্প্রদায়িক নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে মহিলা পরিষদ। আগামী পাঁচ বছরের এই কর্মপরিকল্পনা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নারীদের সাহস ও সমর্থন জোগাবে।
উদ্বোধনী অধিবেশনের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং সংগীত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী ছায়া কর্মকার এবং এ টি এম জাহাঙ্গীর। এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
দ্বিতীয় কর্ম অধিবেশনে নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হয়। এতে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাখদুমা নার্গিস, সমন্বয়কারী সীমা মোসলেম, আইনজীবী তানজীবুল আলম প্রমুখ বক্তব্য দেন। আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পরিষদের সভা শেষ হবে।