পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, স্বাধীনতা-উত্তর ৪৩ বছরে বাংলাদেশে গণমুখী সরকার হয়নি। এর ফলে দেশে সমতল থেকে পাহাড়ে জাতিগত, সম্প্রদায়গত, লিঙ্গ-বর্ণ ও পদ্ধতিগত বৈষম্য চলে আসছে। এই ‘নির্মম বাস্তবতা’ ভাঙতে দেশে গণমুখী সরকার ও গণমুখী শাসনব্যবস্থা দরকার।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এ কথা বলেন। ৯ আগস্টের আন্তর্জাতিক আদিবাসী দিবস সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ফোরাম এ সংবাদ সম্মেলন করে। এতে আজ বুধবার থেকে ১১ আগস্ট সোমবার পর্যন্ত রাজধানী ঢাকায় মানববন্ধন, আলোচনা সভাসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস উদ্যাপন না করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আদিবাসী ফোরাম। তারা মনে করে, এটি দেশে আদিবাসীদের ‘অসহায়ত্বেরই প্রতীক’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। তিনি দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর নির্যাতন, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের ‘অস্তিত্ব কেড়ে নেওয়া’, মৌলিক অধিকারগুলোকে পর্যুদস্তু করা এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নে ‘গড়িমসি’ করাসহ বিভিন্ন অভিযোগ আনেন। এ সময় ক্ষমতাসীন সরকারেরও সমালোচনা করেন তিনি।
সন্তু লারমা বলেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের একটা বড় অংশ আজকে বাংলাদেশের জাতীয় জীবনের ওপর যে বাস্তবতা সৃষ্টি করে রেখেছে, সেটাকে তো গণমুখী বলা যেতে পারে না। গণতান্ত্রিক, প্রগতিশীল বা অসাম্প্রদায়িকও বলা যেতে পারে না। সুতরাং, এর বিরুদ্ধে আমাদের অধিবাসীদের অবশ্যই আরও অধিকতর সংগ্রামী হয়ে উঠতে হবে। সে সংগ্রামের রূপ কী হবে আমি বলতে পারব না।’
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার পেছনে অভ্যন্তরীণ বিবাদ বা বিভক্তি কোনো বাধা কি না, এমন প্রশ্ন করা হলে সন্তু লারমা তা অস্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি পার্বত্য এলাকায় বিবদমান জনসংহতি সমিতি ও ইউপিডিএফের নাম উল্লেখ করে বলেন, ‘জনসংহতির সঙ্গে ইউপিডিএফ কোনো সময়েই যুক্ত ছিল না। ইউপিডিএফের জন্মই হয়েছে সরকার ও শাসক শ্রেণির একটি অংশের সমর্থনে সেনাবাহিনীর মোড়কে।...এদের উদ্দেশ্য হচ্ছে দুটি। জনসংহতির নেতৃত্বকে ধ্বংস করা, পার্বত্য চুক্তির বাস্তবায়ন-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।’
জনসংহতি সমিতির একটি অংশের দল ছেড়ে জনসংহতি (সংস্কারবাদী) দল গঠন করার কারণ জানতে চাইলে সন্তু লারমা বলেন, ‘কেন তাঁরা দল ছেড়েছেন তাঁরাই বলতে পারবেন। তবে আমরা যা দেখেছি, তা হচ্ছে, বিশেষ একটা সময়ে বাস্তবতার মোকাবিলা করতে অসমর্থ হয়ে তাঁরা দল ছেড়ে গেছেন।’
সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন করে আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দেওয়া, পার্বত্য চুক্তির বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করা, প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি দেওয়াসহ সরকারের কাছে ১২ দফা দাবি জানানো হয়।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক মেসবাহ কামাল, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহাম্মদ খানসহ ফোরামের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।