বৈসাবি উৎসব আজ শুরু
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার থেকে পার্বত্য আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শুরু হচ্ছে। আদিবাসী গোষ্ঠীগুলো বিভিন্ন নামে এ উৎসব উদ্যাপন করে। বৈসাবিকে ঘিরে বান্দরবান ও রাঙামাটিতে উৎসবের আমেজ লক্ষ করা গেলেও খাগড়াছড়িতে এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস লক্ষ করা যায়নি।বৈসাবি উৎসবকে ত্রিপুরা ভাষায় বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই ও চাকমা-তঞ্চঙ্গ্যা ভাষায় বিঝু নামে পালন করা হয়।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বান্দরবান: বান্দরবানে চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা আদিবাসীদের ফুল বিঝুর মধ্য দিয়ে আজ থেকে বৈসাবি উৎসব শুরু হচ্ছে।বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা আদিবাসীরা বছরের শেষ দুই দিন ফুল বিঝু ও মূল বিঝু এবং নববর্ষের প্রথম দিনসহ তিন দিনব্যাপী বৈসাবি উৎসব পালন করে। বান্দরবান বৈসাবি উদ্যাপন কমিটির সভাপতি অংছোমং মারমা জানান, জেলা শহরের পুরোনো রাজবাড়ি থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বৈসাবি উৎসব শুরু হবে। মারমা আদিবাসীরা বর্মী বর্ষপঞ্জি অনুযায়ী কাল মঙ্গলবার থেকে এই উৎসব শুরু করবে।রাঙামাটি: নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে বৈসাবি উৎসবের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথম দিনে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজানো হয়। প্রস্তুতি চলে পরবর্তী দিনের মূল আয়োজনের।খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এ উৎসবের আমেজ নেই বললেই চলে। শহরের মহাজনপাড়ার কলেজের শিক্ষার্থী বাবু চাকমা বলেন, কিছুদিন আগে গ্রামে (মহাজনপাড়ায়) যেভাবে হামলা ও ঘরবাড়ি পোড়ানোর ঘটনা ঘটল—এসব মনে হলে আনন্দ করার মানসিকতা থাকে না। সঞ্চিতা চাকমা জানান, সবাই মিলেমিশে বৈসাবি পালন করতে পারলে উৎসবের আমেজ ঘরে ঘরে পৌঁছাত।