বৈসাবি উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবির মূল তিন দিনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ তিন দিনকে চাকমারা ফুলবিঝু, মূলবিঝু, গোজ্যেপজ্যেদিন, ত্রিপুরারা হারিবৈসু, বিষুমা, বিচিকাতাল এবং মারমারা পেইংচোয়ে, আক্যে ও আতাদা বলে। উৎসবকে যে নামেই ডাকা হোক না কেন, মূলত পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের জন্য বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিনে আদিবাসীরা এ উৎসব উদ্যাপন করে। পুরো পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা এ তিন দিন উৎসবে মাতোয়ারা হয়ে থাকে।পাহাড়ের এ উৎসব সমতলে বৈসাবি নামে পরিচিতি পেলেও আদিবাসীরা সমপ্রদায়ভেদে নিজস্ব নামে ডাকে। চাকমারা বিঝু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু নামে উৎসব উদ্যাপন করে। তবে উদ্যাপনরীতি ও দিন একই হওয়ায় উৎসবের আদ্যক্ষর নিয়ে নাম দেওয়া হয়েছে ‘বৈসাবি’। এ প্রসঙ্গে সাবেক ছাত্রনেতা সুখেশ্বর চাকমা জানান, গত শতাব্দীর আশির দশকের প্রথম দিকে আদিবাসী সমপ্রদায়গুলোর মধ্যে ঐক্য ও সংহতি ধরে রাখার প্রয়াসে রাঙামাটি সরকারি কলেজের ছাত্ররা উৎসব উপলক্ষে বৈসাবি নামে একটি প্রকাশনা বের করে। মূলত বিভিন্ন আদিবাসী সমপ্রদায়ের উৎসবের আদ্যক্ষর দিয়ে ‘বৈসাবি’ নামটি সাজানো হয়। রাঙামাটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃত্তিকা চাকমা মনে করেন, বৈসাবি নিছক একটি উৎসব নয়। আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারেরও প্রধান মাধ্যম। উৎসবের প্রথম দিনে আদিবাসীরা ভোরে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে, ফুল দিয়ে বাড়ি সাজায়, নদী বা ছড়ায় গিয়ে দল বেঁধে স্নান করে এবং নদী থেকে পানি তুলে গ্রামের বৌদ্ধমন্দিরের বুদ্ধমূর্তি, বৌদ্ধ সাধক ও গ্রামের বয়স্ক লোকজনকে স্নান করানো হয়। তারপর সারা দিন চলে পরবর্তী দিনের খানাপিনার আয়োজন।বছরের শেষ অর্থাৎ উৎসবের দ্বিতীয় দিনে সবার বাড়ির দ্বার খোলা থাকে সবার জন্য। এদিন ধনী-গরিব সমপ্রদায়ের ভেদাভেদ মুছে গিয়ে সবাই সবার বাড়িতে বেড়াতে যায়। যার যা সামর্থ্য তা খেতে দেয়। এদিন শিশুরা নতুন পোশাক পরে নিজেদের বাড়ি থেকে ধান বা চাল নিয়ে দল বেঁধে গ্রামে ঘুরে ঘুরে মোরগ-মুরগিকে খেতে দেয়। মুরব্বিদের বাড়ি গিয়ে প্রণাম করে। এ সময় গৃহস্থরাও ছেলেমেয়েদের ডেকে নানা মুখরোচক খাবার দেয়। তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ নানা বয়সীরা দল বেঁধে এক বাড়ি থেকে অন্য বাড়ি, পাড়া-গ্রাম ঘুরে বেড়ায়। কোনো কোনো দল ঘুরে বেড়ায় নেচে-গেয়ে। এ সময় সবাই বয়স্কদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে খানাপিনা।তৃতীয় দিন অর্থাৎ নববর্ষের সকালে ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ধর্মীয় আচার পালন, মুরব্বিদের বাড়িতে ডেকে ভালো খাবার পরিবেশন করে আশীর্বাদ গ্রহণ আর সন্ধ্যায় বাড়ির আঙিনা, গোয়ালঘর, নদীর ঘাট, চৌরাস্তা ও বাড়ির পাশের গাছের নিচে নতুন বছরের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে মোমবাতি জ্বালানো হয়। এভাবে কেটে যায় বৈসাবির তিনটি দিন।