বৈসাবি উৎসবে মুখর বান্দরবান

বৈসাবি উৎসবে আনন্দমুখর বান্দরবান। গতকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনে চাকমা ও তঞ্চঙ্গ্যা তরুণীরা পানিতে ফুল ভাসিয়েছে। মারমা তরুণ-তরুণীরা চন্দনজলে বুদ্ধমূর্তি স্নান করিয়ে নতুন দিনের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, মারমাদের মূল উৎসব সাংগ্রাইং পোয়ে বা সাংগ্রাইং উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। এ জন্য মূল উৎসবের শুরুর দিনে বুদ্ধমূর্তি স্নান করানো হয়। বুদ্ধমূর্তিকে চন্দনজলে স্নান করিয়ে তরুণ-তরুণীরা নিজেদের পবিত্র ও শুদ্ধ করে। বয়স্করা অষ্টশীল বা আটটি নিয়ম পালনের জন্য সাদা কাপড় পরে বৌদ্ধবিহারে অবস্থান করবেন। আজ বৃহস্পতিবার সামাজিক ও ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা শেষে কাল শুক্রবার এবং শনিবার মৈত্রী পানিবর্ষণ ও পিঠা তৈরির উৎসব হবে।
চাকমা ও তঞ্চঙ্গ্যাদের গতকাল মূল বিঝুর দিনে ঘরে ঘরে অতিথিদের পাঁজন (কমপক্ষে পাঁচ প্রকার সবজি দিয়ে রান্না করা খাবার) খাওয়ানো হয়েছে। তাদের বিশ্বাস, বিঝু দিনে অন্তত পাঁচটি ঘরে পাঁজন খেলে গাবন (রোগ প্রতিরোধ ক্ষমতা) হিসেবে কাজ করে এবং সারা বছর রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়।
উৎসব উদ্যাপন কমিটির সদস্য শিশির তঞ্চঙ্গ্যা বলেন, গতকাল সকালে চাকমা ও তঞ্চঙ্গ্যারা এবারে সম্মিলিতভাবে চিত্রসেন বৈদ্যপাড়ার করুণাপুর বৌদ্ধবিহারে বিঝু বা বিষু উৎসবের আয়োজন করেছে। সকালে তরুণীরা শঙ্খ নদে ফুল ভাসিয়েছে।