বৈসাবি বর্জনের আহ্বান পাঁচ সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ (বৈসুক, সাংগ্রাই ও বিজু) বর্জনের আহ্বান জানিয়েছে আদিবাসীদের পাঁচটি সংগঠন। সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকা ও খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এ আহ্বান জানিয়েছে।সাজেক ভূমি রক্ষা কমিটির সদস্য বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সাজেক ও খাগড়াছড়িতে হামলার পর হাজার হাজার মানুষ এখনো বন-বাদাড়ে ও খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে। হামলাকারীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ও কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি। সর্বত্র পাহাড়ি জনগণের মধ্যে এখনো অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় উৎসব করার মতো কোনো পরিবেশ নেই।