বৈসাবিতে উৎসবমুখর পাহাড়
বৈসাবী উৎসবে গতকাল বুধবার পার্বত্য চট্টগ্রামে ছিল উৎসবমুখর পরিবেশ। রাঙামাটি ও খাগড়াছড়িতে গত মঙ্গলবার থেকে এ উৎসব শুরু হয়। আর বান্দরবানে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৈসাবি উৎসব। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: ‘হে উ উ উ’ আনন্দধ্বনিতে গতকাল মুখরিত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। দলে দলে নানা শ্রেণী-পেশার আদিবাসীরা ঘুরেছে এক বাড়ি থেকে অন্য বাড়িতে। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাঙালিরা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. যুবায়ের এসেছেন তাঁর কয়েকজন আদিবাসী সহপাঠীর সঙ্গে। তিনি জানান, এমন আনন্দ আর অসাম্প্রদায়িক উৎসব খুব কমই দেখেছেন তিনি।গতকাল ছিল আদিবাসীদের বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু (বৈসাবি) উৎসবের মূল দিন। এই দিনে প্রত্যেকের বাড়ির দ্বার উন্মুক্ত থাকে সবার জন্য। অতিথিদের খেতে দেওয়া হয় নানা মুখরোচক খাবার।খাগড়াছড়ি: উৎসবের দ্বিতীয় দিনে গতকাল খাগড়াছড়ি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে নুনছড়ি দেবতা পুকুরে ত্রিপুরা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ সমবেত হয়। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা পূজা অর্পণ, বলিদান ও কবুতর অবমুক্ত করে নিজ নিজ মানত সম্পন্ন করে।মহালছড়ি উপজেলার দুর্গম এলাকা সিন্ধুকছড়ি থেকে আসা দেবু ত্রিপুরা জানান, তাঁর স্ত্রী ছোট থাকতে পুকুরে এক জোড়া কবুতর ছেড়ে দেওয়ার মানত করেন। দীর্ঘদিন সেই মানত পূরণ করা হয়নি। গতকাল তিনি দুটি কবুতর পুকুরপাড় থেকে ছেড়ে দিয়ে সেই মানত পূরণ করেছেন।গতকাল প্রতিটি ঘরে অতিথিদের জন্য ‘পাজন’ নামক এক ধরনের সবজির তরকারি পরিবেশন করা হয়। দুপুরের পর থেকে শিশু-কিশোর এবং তরুণ-তরুণীরা দল বেঁধে ঘরে ঘরে গিয়ে আতিথ্য গ্রহণ করে।বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শোভাযাত্রায় মারমা ও চাকমাদের গানের সুরলহরিতে জেলা শহর উৎসবের আনন্দে মেতে ওঠে। এতে কয়েক হাজার আদিবাসি নারী-পুরুষ অংশ নেন। এদিকে রুমা উপজেলায় সেনানিবাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে সেখানকার মানুষ এ উৎসব বর্জন করেছে। বুধবার উৎসবের পরিবর্তে মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।সকাল নয়টায় রাজবাড়ি মাঠ থেকে ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক পরে মারমা, ত্রিপুরা, বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা, চাকমা, রাখাইনসহ ১২টি আদিবাসীর কয়েক হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেয়। এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর। এবারের বৈসাবি শোভাযাত্রায় বম, পাংখুয়া, লুসাই, ম্রো ও রাখাইনরা অংশ নেওয়ায় আরও বেশি বর্ণাঢ্য ও বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে।উল্লেখ্য, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার মারমা সম্প্রদায় চাকমা, ত্রিপুরাসহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একই সময়ে উৎসব উদ্যাপন করে। তবে বান্দরবানের মারমা জনগোষ্ঠীর লোকজন বর্মী পঞ্জিকা অনুসরণে উৎসব উদ্যাপন করে দুই দিন পরে।