বৈসাবিতে মাতছে রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈসাবি উপলক্ষে নিজের ঘর সাজাচ্ছেন চৈতালি ত্রিপুরা। আদাবর থেকে তোলা ছবি l প্রথম আলো
বৈসাবি উপলক্ষে নিজের ঘর সাজাচ্ছেন চৈতালি ত্রিপুরা। আদাবর থেকে তোলা ছবি l প্রথম আলো

কলাবাগান বাস কাউন্টার। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টা। ঘণ্টা খানেক আগে রাঙামাটি থেকে একটি বাস এসে পৌঁছেছে কলাবাগানে। নির্বাণ চাকমা রাঙামাটির গ্রাম থেকে তাঁর জন্য পাঠানো একটি বস্তা নিতে এসেছেন। সেখানে আছে কাঁচা কাঁঠালসহ নানা সবজি। আজ মঙ্গলবার থেকে পাহাড় মাতছে বৈসাবি উৎসবে। সেই উৎসবের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাজন। ৩০ বা এর বেশি সবজি দিয়ে তৈরি হয় জিবে জল আনা সেই তরকারি। বাড়ির ছেলে যাতে এই স্বাদবঞ্চিত না হয় তাই বাসে পাঠানো হয়েছে এসব।
পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতিগোষ্ঠীর প্রত্যেকেরই বর্ষবিদায় ও বর্ষবরণের এ উৎসবের আলাদা নাম আছে। আছে ভিন্নতাও। তবে মূল তিন জাতিগোষ্ঠী ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু্—এই তিনের আদ্যক্ষর নিয়ে হয়েছে বৈসাবি। বাংলা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন থেকে উৎসবের শুরু। শেষ হবে পয়লা বৈশাখে। রাজধানীতে থাকা পাহাড়ি মানুষ ছুটেছে পাহাড়ের কোলে, বৈসাবিতে অংশ নিতে। বাস কাউন্টারে জানলাম, এখান থেকে যেসব বাস ছাড়ে আগামী দুই দিন তার একটিরও টিকিট নেই। তবে নির্বাণের মতো যারা কাজের সূত্রে, ছেলেমেয়েদের লেখাপড়ার কারণে বা অন্য কারণে যেতে পারছে না, তাদের থাকতে হচ্ছে এই রাজধানীতেই। সেখানেই তাঁরা খুঁজে পেতে চান উৎসবের আনন্দ।
বাড়ি যেতে না-পারা এমন একজন চৈতালি ত্রিপুরা উৎসবের প্রস্তুতি নিতে গলদঘর্ম। তাঁর বাসায় গিয়ে দেখলাম, পুরো বাসা ঝকঝকে-তকতকে। এখন ফুল দিয়ে সাজানোর আয়োজন চলছে। আদাবরের বাসিন্দা চৈতালি জানান, দুই ছেলে, স্বামী, আত্মীয়স্বজনসহ সবার কেনাকাটা শেষ। আজ চাকমারা যাকে বলে ফুল বিজু, ত্রিপুরাদের কাছে তা হারি বৈসু। চৈতালির গ্রাম খাগড়াছড়ির খাগড়াপুরের গ্রামে এখন চলছে গড়াইয়া নৃত্য। চলছে ফুল দিয়ে বাড়িঘর, গৃহের পশুকে সাজানো, ধান ছিটিয়ে দেওয়ার নানা আয়োজন। চৈতালির কথা, ‘এসবের কিছুই এখানে করতে পারব না। বাড়ি বাড়ি গিয়ে ফুল তোলার আনন্দ এই শহরে চাওয়াটাও বাহুল্য। তাই আগারগাঁও থেকে ফুল কিনব আর ঘর সাজাব।’
আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশীর বাড়িতে বাড়িতে বেড়ানো, পাজন ও পিঠার স্বাদ গ্রহণ চলে মূল বিজুর দিন। রাজধানীতেও এর চল আছে। মিরপুরের কাজীপাড়া, কমলাপুর এবং সাভারে পাহাড়ি সবজি এবং মাছ-মাংসের দোকান হয়েছে কয়েক বছর হলো। মিরপুরের কাজীপাড়ায় ‘হিল বাজার’ নামে এমন একটি দোকানের মালিক মিন্টু চাকমা বললেন, এবার অন্তত ৫০ পদের সবজি এনেছি। সঙ্গে আছে পাহাড়ি মোরগ, হাঁস, শূকর। কুইচ্চা ও কাঁকড়া।’ বিক্রিবাট্টা যথেষ্ট ভালো বলে জানান মিন্টু।
বৈসাবির শেষ দিন মারমাদের জলখেলা হয়। ঢাকা কলেজের ছাত্র ছেমরাচাই মারমা পরীক্ষার কারণে খাগড়াছড়িতে যেতে পারছেন না। এবার কোনো তরুণীকে জল ছিটিয়ে দেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হতে হবে তাঁকে।