বৈসাবির দ্বিতীয় দিনে ছিল না উৎসবের আমেজ
পার্বত্য আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবির দ্বিতীয় দিন মূল বিজু গতকাল মঙ্গলবার রাঙামাটিতে অনাড়ম্বরভাবে উদ্যাপিত হয়েছে। খাগড়াছড়িতে প্রথম দিনের মতো গতকালও ছিল না কোনো উৎসবের আমেজ। এদিকে বান্দরবানে শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে বৈসাবি শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: রাঙামাটিতে বৈসাবি উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু অনাড়ম্বরভাবে উদ্যাপিত হয়েছে। উৎসবের এই মূল দিনে আদিবাসীদের ঘরে ঘরে মুখরোচক খাবারের আয়োজন ছিল। শিশু-কিশোর, তরুণ-তরুণীরা দল বেঁধে ঘুরে বেড়িয়েছে দিনভর। তবে অন্যান্য বছরের মতো উচ্ছ্বাস ছিল না, ছিল না হইচই। রাঙামাটি শহরের টিঅ্যান্ডটি কার্যালায় এলাকায় কথা হয় শ্যামল চাকমা, তৃণা চাকমাসহ কয়েকজন তরুণ-তরুণীর সঙ্গে। তাঁরা জানান, এই উৎসবের জন্য তাঁরা সারা বছর অপেক্ষা করেন। বন্ধুরা মিলে একসঙ্গে আনন্দ-ফুর্তি করেন। কিন্তু এবার একসঙ্গে বের হলেও আনন্দ করার জন্য মন থেকে সাড়া পাচ্ছেন না। এদিকে বাঘাইহাট ও খাগড়াছড়ির ঘটনার প্রতিবাদে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বৈসাবি বর্জনের ডাক দেওয়ায় রাঙামাটির নানিয়ারচর, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি উপজেলাসহ অনেক স্থানেই বৈসাবি উদ্যাপিত হয়নি।খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বৈসাবির দ্বিতীয় দিন মূল বিজুতেও উৎসবের আমেজ ছিল না। তবে ধর্মীয় কিছু আচার পালন করেছে আদিবাসীরা। গতকাল সকালে চাকমা ও মারমা নারী-পুরুষ বিভিন্ন বৌদ্ধ মন্দিরে গিয়ে শান্তির জন্য প্রার্থনা করে। তারা বৌদ্ধ ভিক্ষুদের জন্য উপাদেয় নানা খাবার, ফলমূল ও পানীয় নিয়ে যায়। ত্রিপুরা সম্প্রদায়ের নারী ও পুরুষেরা খাগড়াছড়ি সদর থেকে আট কিলোমিটার দূরে নুনছড়ি দেবতাপুকুরে ছাগল, হাঁস, মুরগি বলি দেয়। তারা দূর-দূরান্ত থেকে দেবতাপুকুরে সমবেত হয়। আজ বুধবার বৈসাবির তৃতীয় দিন অর্থাৎ পয়লা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে চাকমা আদিবাসীদের গজ্যাপয্যা দিন। এদিন তারা অবসরে দিন কাটায়। বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল থেকে বৈসাবি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ এই উৎসবে নতুন মাত্রা যোগ করবে পয়লা বৈশাখ। তবে গত সোমবার থেকে নানা আয়োজনে বৈসাবি উৎসব চলছে। মারমা আদিবাসীরা বৈসাবিকে সাংগ্রাই নামে উদ্যাপন করে থাকে।গতকাল সকালে শহরের পুরাতন রাজবাড়ী মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ১১টি আদিবাসী জনগোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর। অংশ নেন জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জামান, বোমাং সার্কেলের প্রতিনিধি চহ্লাপ্রু জিমি ও স্থানীয় আদিবাসী নেতারা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজবাড়ীর মাঠে গিয়ে শেষ হয়। সাংগ্রাই উৎসব উদ্যাপন কমিটি সূত্রে জানা যায়, আজ মন্দিরে মন্দিরে পূজা-অর্চনা ও উজানীপাড়ার সাঙ্গু নদীর পাড়ে বুদ্ধমূর্তি স্নানের আয়োজন থাকছে। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা তাঁদের ধর্মীয় পোশাক পরে বৌদ্ধের মূর্তি নিয়ে রাস্তায় নেমে আসবেন। রাতে বিভিন্ন পাড়ায় ঐতিহ্যবাহী পিঠা তৈরির উৎসবে মেতে উঠবে আদিবাসীরা।