বৈসাবির শোভাযাত্রা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈসাবি উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে বৈসাবি শোভাযাত্রা বের হয়ে চন্দ্রিমা উদ্যানের জলাশয়ে ফুল ভাসিয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
বৈসাবি উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে বৈসাবি শোভাযাত্রা বের হয়ে চন্দ্রিমা উদ্যানের জলাশয়ে ফুল ভাসিয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামের বর্ষবিদায় ও বরণের উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু (বৈসাবি) উপলক্ষে রাজধানীতে গতকাল মঙ্গলবার আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে চন্দ্রিমা উদ্যানসংলগ্ন ক্রিসেন্ট লেকে ফুল ভাসানোর মাধ্যমে এটি শেষ হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
শোভাযাত্রা শুরুর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, জাতিবৈচিত্র্য বাংলাদেশের গর্ব। এই বৈচিত্র্যই বাংলাদেশকে সমৃদ্ধ করেছে।
পাহাড় ও সমতলে বসবাসরত মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন গওহর রিজভী। তিনি বলেন, পার্বত্য এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষে মানুষে সম্প্রীতি বাংলাদেশের সমাজের বড় শক্তি। আমাদের জাতীয় উন্নয়নেও এর ভূমিকা অনন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, অধ্যাপক মেসবাহ কামাল। স্বাগত বক্তব্য দেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
আলোচনার পর বেলুন উড়িয়ে বৈসাবি উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর শুরু হয় বৈসাবি শোভাযাত্রা। শ-চারেক নারী-পুরুষ এতে অংশ নেন। পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখা যায় কয়েকজন বিদেশিকেও। অনুষ্ঠানে আসা সবাইকেই সবুজ রঙের টি-শার্ট ও টুপি দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। তবে পাহাড়ি নারীদের কয়েকজনকে দেখা গেছে ঐতিহ্যবাহী পোশাকে। ব্যান্ড পার্টির তালে তালে শোভাযাত্রা বিজয় সরণি হয়ে শেষ হয় ক্রিসেন্ট লেকে। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি পাহাড়ি নারীরা ফুল ভাসান। একে অন্যের গায়ে পানি ছিটিয়ে কিছু সময়ের জন্য আনন্দে মেতে ওঠেন।