বোচাগঞ্জে আইসক্রিম কারখানায় বিস্ফোরণে দুজন নিহত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কলেজপাড়ায় গতকাল শনিবার বিকেলে একটি আইসক্রিম কারখানায় কমপ্রেশার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, কারখানার মালিক আসাদুল ইসলাম ও কর্মচারী রবিউল ইসলাম। বিস্ফোরণে আহত হয়েছে কারখানার মালিকের ছেলে আনোয়ার হোসেন (১০)। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল আজিজ জানান, দুপুর থেকে কারখানায় বিদ্যুৎ ছিল না। বেলা তিনটার দিকে হঠাৎ বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ শুনে প্রতিবেশীরা কারখানার ভেতরে গিয়ে আসাদুল ইসলাম, আনোয়ার ও রবিউলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। বিস্ফোরণে কারখানার টিনের বেড়ার একটি অংশ উড়ে যায়। ওই তিনজনকে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসাদুল মারা যান। বাকি দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে রবিউল ইসলাম মারা যান।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎবিহীন অবস্থায় লাইন বন্ধ না করে ভেতরে আসাদুল ইসলাম কারখানার কমপ্রেশার মেরামত করছিলেন। আচমকা বিদ্যুৎ এলে কমপ্রেশার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘এটি একটি দুর্ঘটনা।’ এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।