বোচাগঞ্জে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে বোমার পোঁটলা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বাজারে বুধবার রাতে ঘোষ সুইটস নামে একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনার ঘটেনি। রেস্টুরেন্টের মালিক মানিক ঘোষ জানান, সন্ধ্যার আগে দোকানে ইফতারি বেচাকেনার সময় কে বা কারা একটি পোঁটলা ক্যাশ কাউন্টারের ওপরে রেখে যায়। অনেক খোঁজ করেও এর মালিককে না পেয়ে পোঁটলাটি দোকানের বাইরে ইফতারি বিক্রির টেবিলের নিচে রেখে দেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করার সময় রেস্টুরেন্টের আবর্জনার সঙ্গে পোঁটলাটিও স্তূপ করে রাস্তার পাশে আবর্জনা ফেলার স্থানে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এ সময় বাজারের ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মানিক ঘোষ জানান, ৯ আগস্ট ডাকযোগে তাঁর কাছে একটি চিঠি আসে। চিঠিতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ব্যাপারে ১৩ আগস্ট বোচাগঞ্জ থানায় তিনি একটি জিডি করেন। বোমা বিস্ফোরিত হওয়ার পর একটি মুঠোফোন থেকে তাঁকে, তাঁর ভাই সুজিত ঘোষ ও বাসুদেব ঘোষকে খুদে বার্তা পাঠিয়ে দিয়ে চাঁদা দাবি করা হয়। বার্তায় তাঁর পরিবারের ও ব্যবসায় বড় ধরনের ক্ষতি এবং জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি রাতেই বোচাগঞ্জ থানায় একটি মামলা করেন।বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, বিস্ফোরণস্থল থেকে ব্যাটারি, সার্কিট, ডেটোনেটরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম জানান, বোমাটি দেশি তৈরি। তবে টাইম বোমা বা রিমোট কন্ট্রোল বোমা নয়।