বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ভুপেন্দ্র নাথ রায় (৫৫)। তাঁর বাড়ি উপজেলার রুহিগাঁও গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে স্কুলশিক্ষক ভুপেন্দ্র নাথ রায় মোটরসাইকেলে করে কর্মস্থল দৌলতপুর উচ্চবিদ্যালয় যাচ্ছিলেন। পথে দৌলতপুর বাজারে একটি নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী নসিমনটি আটক করে তাতে অগ্নিসংযোগ করেন। তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনাস্থলে যান। জনতাকে সড়কে নসিমন বন্ধ ও দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নেন।
ওসি হাবিবুল হক প্রধান বলেন, নসিমনচালক পলাতক। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।