বোঝা অবৈধ ৮০ পরামর্শক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত ৮০ জন পরামর্শক (কনসালটেন্ট) চিকিৎসক আছেন। বিশ্ববিদ্যালয়ের জনবলকাঠামোয় অস্তিত্ব না থাকলেও তাঁরা এই পদে বহাল আছেন। কয়েকজনকে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদেও বসানো হয়েছে। শুধু বেতন বাবদ এই পরামর্শকদের পেছনে ব্যয় হচ্ছে বছরে প্রায় দুই কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘এরা আমার জন্যও বোঝা।’সূত্র জানায়, মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পাওয়া পরামর্শকদের আগের পদে ফিরিয়ে দেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১০ সালের জানুয়ারিতে প্রতিবেদন প্রকাশ করে। বর্তমান প্রশাসন সুপারিশ আমলে নেয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ পরামর্শক ১৮ জন, পরামর্শক ৩৮ জন এবং সবেতনে (মেডিকেল কর্মকর্তার বেতন) আছেন আরও ২৪ জন। জ্যেষ্ঠ পরামর্শকেরা অন্যান্য সুযোগ-সুবিধা, বার্ষিক প্রবৃদ্ধি, উৎসব ভাতা, বাসস্থান ও চিকিৎসা ভাতা বাদে মাসে ২২ হাজার ২৫০ টাকা, পরামর্শকেরা ১৫ হাজার এবং অন্যরা মাসে কমপক্ষে ১২ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘দলীয় বিবেচনায় পরামর্শকদের নিয়োগ দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম খতিয়ে দেখতে আমরা একটা কমিটি করেছি। সেই কমিটির সুপারিশ এখনো সিন্ডিকেটে পাস হওয়ার অপেক্ষায়।’অনুসন্ধানে দেখা গেছে, উপাচার্যের সভাপতিত্বে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সিন্ডিকেটের ৩৩তম সভায় পরামর্শক থেকে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে আটজনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে তাঁদের পদোন্নতি কার্যকর দেখানো হয় ২০০৫ সাল থেকে। পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন মো. জিল্লুর রহমান ভূঁইয়া (শল্যচিকিৎসা বিভাগ ও ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষা), অতিরিক্ত রেজিস্ট্রার দীপক কুমার দাস (চর্ম ও যৌনরোগ বিভাগ), অ্যানেসথেসিওলজি বিভাগের মো. রেজাউল হুদা, আনোয়ার আহমেদ, মো. মনজুরুল হক লস্কর, নার্গিস ফাতেমা ও মো. মিজানুর রহমান। জানা যায়, ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সিন্ডিকেটের পঞ্চম ও দশম সভায় তৎকালীন প্রশাসন আগে থেকেই কর্মরত চারজন পরামর্শককে আত্তীকরণ করেন এবং ২৫ জনকে নিয়োগ দেন। সিদ্ধান্ত হয় ভবিষ্যতে আর কোনো পরামর্শক নিয়োগ দেওয়া হবে না। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে এই সিদ্ধান্তে পরিবর্তন এনে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬১ জন চিকিৎসা কর্মকর্তাকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল গফুর বলেন, যাঁরা আছেন তাঁদের তো আর ফেলে দেওয়া যায় না। একজন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং পদে পদে অনিয়ম: বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া জীবন-বৃত্তান্তে দেখা যায়, এমবিবিএস পাসের কয়েক বছর পর ১৯৯৭ সালে জনস্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমা করে তিনি বিএসএমএমইউয়ের শল্যচিকিৎসা ইউনিটে যোগ দেন। ২০০১ সালে একই ইউনিটে পরামর্শক নিয়োগ পান। বর্তমান প্রশাসন জিল্লুর রহমানকে ওই বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক নিয়োগ দেয়। কিছুদিন পর তাঁকে অনকোলজি (ক্যানসার) বিভাগে জ্যেষ্ঠ পরামর্শক করা হয়। ক্যানসার বিষয়ে কোনো ডিগ্রি না থাকায় ওই বিভাগ তাঁকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। অবশ্য পরে ক্যানসার বিভাগ তাঁকে নিতে বাধ্য হয়। জানতে চাইলে জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে কোনো বিভাগে পরামর্শক নিয়োগ পেতে ওই বিষয়ে বিশেষ কোনো ডিগ্রির বাধ্যবাধকতা নেই। অন্যদিকে বিভাগের বর্তমান চেয়ারম্যান সারওয়ার আলম এ বিষয়ে কিছু বলতে চাননি।