কাজের প্রথম দিনেই তাঁর মাথায় তুলে দেওয়া হয় একটি চিনির বস্তা। অভ্যাস না থাকায় ভার সইতে পারেননি। বস্তাটা মাথা থেকে পড়ে গিয়ে কিছু চিনি নষ্ট হয়ে যায়। এতে ক্ষুব্ধ দোকানমালিক ও তাঁর সহযোগীরা বেদম পেটান তাঁকে। গুরুতর আহত সেই তরুণকে ভর্তি করা হয় হাসপাতালে। ছয় দিন পর গত শুক্রবার বিকেলে মারা যান তিনি। ভাতিজার মৃত্যুর এই খবর সইতে পারেননি চাচা। হূদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে তিনিও মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন নিহত তরুণের লাশ নিয়ে গত শনিবার ঝিনাইদহ শহরে মিছিল করেছেন। নিহত তরুণের চাচাতো ভাই বিজন দাস জানান, তাঁদের বাড়ি পৌর শহরের ষাটবাড়িয়ায়। তাঁর চাচাতো ভাই রবিন দাস (২৪) গত ১৬ জানুয়ারি শহরের সিদ্দিক ব্রাদার্স নামে একটি মুদি দোকানে কাজ নেন। তিনি নিজেও ওই দোকানে কাজ করতেন। বিজন দাস অভিযোগ করেন, যোগদানের প্রথম দিনেই রবিনের মাথায় ৫০ কেজি ওজনের একটি চিনির বস্তা তুলে দেওয়া হয়। বোঝা নেওয়ার অভ্যাস না থাকায় তাঁর মাথা থেকে বস্তাটি পড়ে যায়। এতে কিছু চিনি নষ্ট হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দোকানমালিক মফিজুর রহমানসহ তাঁর কয়েকজন সহযোগী রবিনকে মারধর করে ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ দিতে না চাইলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বিজন এ সময় এগিয়ে গেলে তাঁকেও পেটানো হয়। অজ্ঞান অবস্থায় রবিনকে ওইদিনই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বিকেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ষাটবাড়িয়া গ্রামের বাসিন্দা মতুরেশ জানান, ভাইপোর মৃত্যুর খবর পেয়ে কাকা ভূষণ দাস শুক্রবার রাতেই হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।নিহতের মা গীতা রানী কাঁদতে কাঁদতে বলেন, ‘চিনির বস্তা পড়ে যাওয়ার মতো তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই।’ ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজা খাতুন জানান, এ ব্যাপারে রবিন দাসের বাবা মনোদাস ঋষি বাদী হয়ে গত শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। সিদ্দিক ব্রাদার্সের মালিক মফিজুর রহমান ও তাঁর সহযোগীরা পলাতক, তাই তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।